ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা করতে গিয়ে এ কথা বলেন ওয়েন্ডি।
আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ এবং ইভিএম চালু করার বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের বৈঠক বিষয়ে জানান।
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতার ওপর গুরুত্ব আরোপ করে ওয়েন্ডি বলেন, তার দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।
আগামী নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে আশা প্রকাশ করে এ সময় শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদী।
এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তাকে জানান তিনি।
তিনি বলেন, ছবিসহ ভোটার তালকা হালনাগাদ করা হচ্ছে এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন চালু করা হচ্ছে।
বর্তমান সরকারের মেয়াদে উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে পাঁচ হাজারের বেশি নির্বাচনের কোনোটি নিয়ে অভিযোগ আসেনি বলে জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা এবং প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে ওয়েন্ডি শেরম্যান বাংলাদেশের সঙ্গে মার্কিন অংশীদারিত্ব আরো শক্তিশালী ও দৃঢ় করার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের সঙ্গে অংশিদারিত্বকে আমেরিকা সর্বোচ্চ গুরুত্ব দেয়।
সন্ত্রাস নির্মূল এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার কথাও বলেন ওয়েন্ডি।
বাংলাদেশে অতীতে সন্ত্রাসের ‘বিস্তারের’ কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার সরকার সন্ত্রাস নির্মূল করেছে।
এ সাক্ষাতের সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান উপস্থিত ছিলেন।
এর আগে মালদ্বীপের বিদায়ী রাষ্ট্রদূত আহমেদ সারি প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবণে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৫২ ঘ.
bdnews24