ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে আওয়ামী লীগহ নেতৃত্বাধীন মহাজোট ছাড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার কাকরাইলে ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “পত্রিকায় দেখলাম, বর্তমান অবস্থা দেখে এরশাদ সাহেব বলেছেন, তিনি চতুর্দিকে অন্ধকার দেখছেন। তাই এরশাদ সাহেবকে বলব, অনেক অন্যায় ও পাপ করেছেন। এবার দয়া করে অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসুন। জনগণের কাতারে এসে দেশের মানুষের কথা বলুন।”
একই স্থানে সোমবার এক আলোচনা সভায় বিদ্যুৎ, বাজার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন মহাজোটের অন্যতম নেতা এরশাদ।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “জাতির সামনে কোনো আলো নেই, পানি ও বিদ্যুৎ সঙ্কট, অপহরণ- এই হল দেশের অবস্থা। মানুষ পরিবর্তন চায়।”
জাতীয় পার্টি মহাজোটে থাকলেও আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা দিয়েছে। এরশাদ বিভিন্ন জনসভায়ও তা বলে আসছেন।
তবে মহাজোট ছাড়লেও বিএনপির জোটে না যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি এক সপ্তাহ আগেই সংসদে বলেন, যাদের হাতে রক্ত, তাদের সঙ্গে যাব না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24