২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারা কর্মকর্তাকে হুমকি সাকার স্বজনদের’

সাক্ষাতের সময় কারাবিধি লঙ্ঘনে বাধা দেওয়ায় কর্মকর্তাদের অশালীন গালাগাল দেওয়ার অভিযোগ উঠেছে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার স্বজনদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

গাজীপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষাতের সময় কারাবিধি লঙ্ঘনে বাধা দেওয়ায় কর্মকর্তাদের অশালীন গালাগাল দেওয়ার অভিযোগ উঠেছে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার স্বজনদের বিরুদ্ধে। গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার ইউনিট-২-এ শনিবার এ ঘটনা ঘটে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। সালাউদ্দিন কাদেরের (সাকা) সঙ্গে দেখা করতে আসা স্বজনরা হলেন তার স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী, বড় ছেলে হায়াত কাদের চৌধুরী, ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী, ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী ও জামাল উদ্দিন কাদের চৌধুরী। কাশিমপুর কারাগারের কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর পৌনে ৩টার দিকে সাকা চৌধুরীর স্বজনরা আধঘণ্টার অনুমতি নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কর্তৃপক্ষ সাকা চৌধুরীকে অফিস কক্ষে স্বজনদের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দিলে তিনি তাতে সম্মত হননি। পরে কারাগারের মূল ফটকের ভিতর সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এ সময় তার বড় ছেলে কিছু ‘অননুমোদিত’ কাগজপত্র সাকা চৌধুরীকে দিতে গেলে কারা কর্মকর্তা মুশফিকুর রহমান তা জব্দ করেন বলে জানান কারারক্ষক। তিনি বলেন, “এ সময় বড় ছেলে হায়াত কাদের চৌধুরীসহ অন্য স্বজনরা ওই কারা কর্মকর্তাকে অশালীন ভাষায় গালাগাল দেন।” সোয়া ৩টায় সাক্ষাদের নির্ধারিত সময় শেষ হলেও স্বজনরা কারাগারের বাইরে যাননি উল্লেখ করে সুভাষ চন্দ্র বলেন, কর্তৃপক্ষ তাদের বের হয়ে যেতে বললে সাকা চৌধুরীসহ স্বজনরা কারা কর্মকর্তা মুশফিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে তিনি (সুভাষ চন্দ্র ঘোষ) তাদের আরো ১০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বের করে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী বর্তমানে যুদ্ধাপরাধের অভিযোগ আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২১২৪ ঘ.