২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় হামলার অভিযোগে সাবেক জাপা নেত্রী আটক

থানায় হামলা, ভাংচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক নেত্রী কেয়া চৌধুরীসহ ছয় জনকে আটক করেছে শেরে বাংলানগর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থানায় হামলা, ভাংচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক নেত্রী কেয়া চৌধুরীসহ ছয় জনকে আটক করেছে শেরে বাংলানগর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। শেরে বাংলানগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে গণভবনের কাছে কেয়া চৌধুরীর ছেলে রাজ ও মেয়ে বৃষ্টির প্রাইভেটকারের সঙ্গে একটি মটর সাইকেলের ধাক্কা লাগে। ধাক্কার জের ধরে রাজ ওই মটর সাইকেল আরোহীকে মারধর করে। এসময় দায়িত্বরত এক সার্জেন্ট এগিয়ে এলে তাকেও রাজ দারধর করে বলে পুলিশের অভিযোগ। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিবেদক ওসমান গনি বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় ওই পথে যাচ্ছিলেন তিনি। ঘটনার চিত্র ধারণ করার সময় কেয়া চৌধুরীর ছেলে তাকেও মারধর করেন। এরপর রাজ ও বৃষ্টিকে গাড়িসহ থানায় নিয়ে আসে পুলিশ। ওসি বলেন, “এতে কেয়া চৌধুরী ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা ৬ টার দিকে ২০/২৫ জন যুবকসহ থানায় এসে আসবাবপত্র ভাংচুর করেন এবং তার ছেলে ও মেয়েকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।” কেয়া চৌধুরী ও তার দুই সন্তান ছাড়া আটক অন্যরা হলেন- মানিক, নয়ন ও রাব্বি। তবে কেয়া চৌধুরী থানায় সাংবাদিকদের বলেন, ঘটনা শুনে তিনি থানায় এলে পুলিশ তার ওপর চড়াও হয়। বাম কান দেখিয়ে তিনি বলেন, “পুলিশ ঘুষি মারায় তার বাম কানের দুল পড়ে গেছে।” পুলিশ তার ছেলেকেও মারধর করেছে বলে কেয়া চৌধুরী অভিযোগ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেয়া চৌধুরী জাতীয় পার্টির শাসনামলে ঢাকা মহানগরের নেত্রী ছিলেন। তবে বর্তমানে তিনি জাতীয় পার্টির সঙ্গে যুক্ত নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/২৩২৫ ঘ.