ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত আইএসআই থেকে বিএনপির ‘অর্থ নেওয়ার’ ঘটনাটির তদন্তে সংসদীয় দল গঠনের সুপারিশ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম।
সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় দাঁড়িয়ে রাজশাহী-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, “মাননীয় স্পিকার, আপনি তিন সদস্যের একটি টিম করে দেন। আমরা পাকিস্তানে গিয়ে দেখব, কী হয়েছে?”
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে দেশে-বিদেশে অবৈধ পন্থায় অর্থ লেনদেনের অভিযোগে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সে দেশের সুপ্রিম কোর্ট স¤প্রতি বিষয়টি খতিয়ে দেখা শুরু করে।
আদালতে সাক্ষ্যে আইএসআইয়ের কর্মকর্তারা ১৯৯১ সালে বিএনপিকে অর্থ দেওয়ার অভিযোগ স্বীকার করেছে বলে স¤প্রতি খালিজ টাইমস সংবাদ প্রকাশ করে।
ওই সংবাদের সূত্র ধরে বিরোধী দলের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়।
এর মধ্যে আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানি বুধবার দেওয়া সাক্ষ্যে বিএনপিকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেন বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বৃহস্পতিবার তাদের ভারত সংস্করণে জানায়।
এরপর তা নিয়ে আওয়ামী লীগ নেতারা পুনরায় সরব হলে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বলেন, তারা আসাদ দুররানির সাক্ষ্যের অনুলিপি সংগ্রহ করেছেন এবং দেখেছেন, তাতে বিএনপির নাম নেই।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সোমবার জানিয়েছেন, আসাদ দুররানি পাকিস্তান সুপ্রিম কোর্টে অবৈধ অর্থ লেনদেনের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন, তার অনুলিপি চাওয়ার পদক্ষেপ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংসদে বক্তব্যে বিরোধী দলেরও সমালোচনা করেন আওয়ামী লীগ সংসদ সদস্য শাহরিয়ার।
সংসদে তার আগের বক্তা এক সপ্তাহ আগে বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়া এলডিপির চেয়ারম্যান অলি আহমদের সমালোচনা করে শাহরিয়ার বলেন, “মহিলাদের সম্পর্কে তিনি কী বলেছিলেন? উনি রেলমন্ত্রী (যোগাযোগমন্ত্রী) থাকতে কক্সবাজারে রেলের কত সম্পত্তি আত্মীয়দের মাঝে বিলিয়ে ছিলেন?”
প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদকে নিয়ে বিরোধী দলের সমালোচনারও জবাব দেন শাহরিয়ার।
তিনি বলেন, “সজীব ওয়াজেদ জয়কে তিনবার স্কুল থেকে বের করে দেওয়া হয়নি। ভারতীয় নায়িকাদের কোলে চড়ে সিঙ্গাপুরে যাননি তিনি। তার দুর্নীতির জন্য কেউ এসে সাক্ষ্য দেয়নি।”
এই কথার পরই আবার সংসদে শালীন ভাষা ব্যবহারের জন্য বিরোধী সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান শাহরিয়ার।
তিনি বলেন, “আমরা নবীন সংসদ সদস্য, আমরা শিখতে এসেছি। এমন ব্যবহার করবেন, যাতে এলাকায় গিয়ে জনপ্রতিনিধি হিসেবে পরিচয় দিতে অসম্মান বোধ না করি।”
শাহরিয়ারের বক্তব্যের পর মঙ্গলবার বিকাল পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করেন স্পিকার।
আমাকে পার্ট করবেন না: স্পিকার
এলডিপি নেতা অলি আহমদ তার বক্তব্যে বলেন, ১৯৮৬ সালে আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল। ওই সময় সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে স্পিকার আবদুল হামিদও ছিলেন।
অলির এ বক্তব্য শেষে আবদুল হামিদ বলেন, “সরকার ও বিরোধী দলের সদস্যদের প্রতি আমি বলছি- আপনাদের বক্তব্য দেওয়ার সময় আমাকে কোনো পার্ট করবেন না। আমি কোনো দলের নই। আমি নিরপেক্ষ। আমি নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২১৫৫ ঘ.
bdnews24