ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৮৩ দিন পর সংসদে ফিরে অধিবেশন কক্ষে সোয়া এক ঘণ্টা ছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
রোববার মাগরিবের নামাজের বিরতির পর বিএনপি চেয়ারপারসন আর অধিবেশন কক্ষে ফেরেননি। সাড়ে ৬টায় নামাজের বিরতি হয়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সংসদ ভবন ত্যাগ করেন তিনি।
এর আগে খালেদার নেতৃত্বে ৫টা ১২ মিনিটে সংসদে ঢোকেন বিরোধী দলের সদস্যরা। তারা যখন সংসদে ঢোকেন, তখন অধিবেশনের শুরুর পর্বে কোরআন তেলওয়াত চলছিল।
দীর্ঘদিন পর খালেদা জিয়া সংসদে ফিরলেও এদিন কোনো কথা বলেননি। তার উপস্থিতিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনা করেন বিএনপি সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও রেহানা আকতার রানু।
রানুর পর আওয়ামী লীগ সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলের শাম্মী আক্তারের সঙ্গে বদানুবাদের পর পরিস্থিতি অবনতির দিকে এগোলে খালেদাকে দেখা যায়, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে কিছু বলছেন।
পরে ফারুক এবং সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ গিয়ে দুই সংসদ সদস্যকে নিবৃত্ত করেন।
মাগরিবের বিরতির পর অধিবেশন শুরু হলে মওদুদ আহমদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার ও এম কে আনোয়ারসহ বিরোধীদলীয় সংসদ সদস্যরা ছিলেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলতি দ্বাদশ অধিবেশনের ৩০ কার্যদিবসসহ (বৃহস্পতিবার) নবম জাতীয় সংসদ অধিবেশনের মোট কার্যদিবস ২৮৪। এর মধ্যে প্রধান বিরোধী দল বিএনপিসহ শরিকরা অনুপস্থিত ২৩৩ কার্যদিবস। খালেদা জিয়া সংসদে মাত্র ৬ কার্যদিবস উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24