২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সভামঞ্চে শেখ হাসিনা

যুদ্ধাপরাধীদের বিচারে বাধা, দুর্নীতিবাজদের রক্ষা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে জনসভা করছে ১৪ দল, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে বাধা, দুর্নীতিবাজদের রক্ষা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে ১৪ দলের জনসভা মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে মূল জনসভা শুরু হয় পৌনে ৩টায় কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে। নেতা-কর্মী-সমর্থকদের হর্ষধ্বনির মধ্যে শেখ হাসিনা সভামঞ্চে পৌঁছান বিকাল ৪টায়। জনসভা সামনে রেখে নেতা-কর্মী-সমর্থকরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জনসভা মঞ্চের কাছে আসতে থাকেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশ পরিচালনা করছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ আলম লেনিন। আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে জনসভা মঞ্চ করা হলেও বেলা সাড়ে ১১টা থেকে পল্টনের মোড় থেকে জিপিও, নূর হোসেন স্কোয়ার হয়ে কাপ্তানবাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার মাঝে মাঝেই বসানো হয়েছে কাঁটাতারের ব্যারিকেড। এর প্রভাবে সভামঞ্চের আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। শাহবাগ থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সড়কে যানজটের কারনে অনেক গাড়ি মৎস্য ভবন মোড় হয়ে কাকরাইল দিয়ে ঘুরে মতিঝিলের দিকে যাতায়াত করছে। পুলিশ মিছিলকারীরের বঙ্গবন্ধু এভিনিউ বা জিপিওর দিকে দাঁড়াতে দিচ্ছে না। ফলে মিছিলকারীরা ঘুরপথে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের দিকে গিয়ে অবস্থান নিচ্ছেন। কেন্দ্রীয় নেতারাও মঞ্চের দক্ষিণে নবাবপুরমুখী রাস্তায় বসতে অনুরোধ করছেন জনসভায় আসা নেতা-কর্মীদের। মঞ্চের পশ্চিমে ও দক্ষিণে ২০০ গজ দূর পর্যন্ত বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়েছে। গত ১ মার্চ ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানান, ১৪ মার্চ ঢাকায় ‘মহাসমাবেশ’ হবে। কিন্তু গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের দলীয় প্যাডে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবারের ১৪ দলের কর্মসূচিকে ‘জনসভা’ হিসেবে অভিহিত করা হচ্ছে। বিরোধী দলের বড় জনসভার একদিন পর ঢাকার সমাবেশে বিপুল কর্মী-সমর্থক জড়ো করে নিজেদের শক্তি তুলে ধরতে চাইছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে বুধবার ১৪ দলের এই গণজমায়েতে থানা ও ওয়ার্ড পর্যায়ের সব নেতাদের থাকতে বলা হয়েছে। যে নেতা থাকবেন না, তাকে কারণ দর্শানোর নোটিস পাঠানোর সিদ্ধান্তও হয়েছে। বিএনপির ১২ মার্চের সমাবেশকে ‘কর্মিসভা’ আখ্যায়িত করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ মঙ্গলবার বলেন, “কালকেরটি (বুধবার) হবে জনসভা। দক্ষিণে সদরঘাট, উত্তরে পল্টন এবং পশ্চিমে প্রেসক্লাব পর্যন্ত লোক হবে।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ১২ মার্চ নয়া পল্টনে খালেদা জিয়ার সমাবেশে ২ লাখ জনসমাগম হয়েছিল বলে ধারণা করা হয়। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, পদে পদে বাধা উপেক্ষা করেই তাদের ওই সমাবেশ করতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/এএইএ/সিএস/জেকে/১৬০৫ ঘ.