ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশে লোক জড়ো করতে একশ কোটি টাকা খরচ করা হয়েছে দাবি করে বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন শেখ ফজলুল করিম সেলিম।
মঙ্গলবার সংসদ অধিবেশনে আওয়ামী লীগের এ সাংসদ প্রশ্ন করেন, “এই টাকা কি আইএসআইয়ের টাকা?”
“খালেদা জিয়া এত টাকা খরচ করেন কীভাবে,” এ প্রশ্ন করে তা খতিয়ে দেখতে একটি ‘শক্তিশালী তদন্ত কমিটি’ করতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন সেলিম।
১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে পাঁচ কোটি রুপি নিয়েছিলেন- দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এরকম এক প্রতিবেদনের সূত্রে দেশের গণমাধ্যমেও এ খবর আসে। এরপর বিষয়টি সরকারি দলের নেতাদের আলোচনায় উঠে আসে।
এদিকে ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার দাবিতে সোমবার রাজধানীতে মহাসমাবেশ করে বিএনপি। ওই মহাসমাবেশে জনসমাগম প্রসঙ্গে মঙ্গলবার আবার আইএসআইয়ের প্রসঙ্গ আনেন শেখ সেলিম।
তবে নির্বাচনে আইএসআইয়ের অর্থ নেওয়ার বিষয়টি সোমবারের সমাবেশে খারিজ করেন খালেদা জিয়া। তিনি বলেন, তাদের বিদেশিদের কাছ থেকে টাকা নিতে হয় না।
বিরোধী দল আর নয় দিনের মধ্যে সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে মঙ্গলবার সংসদে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। এ সময় এ বিষয়ে তিনি খালেদাকে কটাক্ষও করেন।
“৯০ দিনের মধ্যে ওনার আশি দিন হয়ে গেছে” উল্লেখ করে শেখ সেলিম বলেন, “আজকে (মঙ্গলবার) বাদ দিলে বাকি আছে নয় দিন। উনি আসবেন তো বটেই।”
“কারণ, উনি (খালেদা জিয়া) টাকার লোভ ছাড়বেন না।”
টানা ৯০ দিন কোনো সাংসদ সংসদ অধিবেশনে যোগ না দিলে সংবিধান অনুযায়ী সংশ্লিষ্ট আসনটি শূন্য হয়ে যায়।
বিরোধী দলকে সংসদে এসে তাদের প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাইরে বসে হুমকি-ধমকি দেন। এখানে (সংসদ অধিবেশন) আসতে অসুবিধা কী? এখানে আসতে লজ্জা লাগে?”
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে সোমবারের সমাবেশ থেকে খালেদা জিয়ার ৯০ দিন সময় বেঁধে দেওয়ার জবাবে শেখ সেলিম বলেন, “আওয়ামী লীগকে আলটিমেটামের ভয় দেখিয়ে লাভ নেই।”
“২১ অগাস্টের গ্রেনেড হামলার বিচার হলে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। এ জন্যই আন্দোলন আন্দোলন খেলা করেন।”
“বাংলাদেশে আর আজিজ মার্কা নির্বাচন কমিশন হবে না,” যোগ করেন তিনি।
বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ২০০৫ সালের ২৩ মে বিচারপতি এম এ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়। তার অধীনে এক কোটি কুড়ি লাখ ভুয়া ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্তির ঘটনা ঘটেছিল।
দুটি পদ্মা সেতু নির্মাণের খালেদা জিয়ার ঘোষণাকে ‘ভণ্ডামি’ আখ্যায়িত করে শেখ সেলিম বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, “যে অপকর্ম করেছেন সে জন্য জনগণের কাছে মাফ চান।”
মঙ্গলবারের বক্তব্যে শেখ সেলিম সরকারের বেশ কিছু উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের এই সাংসদ বলেন, “আমি বলবো না বিদ্যুৎ পরিস্থিতির খুবই উন্নতি হয়েছে। সরকার আন্তরিক ছিল বলেই বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে এসেছে।”
বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা ভর্তুকির যারা সমালোচনা করেন তাদের ‘বিশ্ব ব্যাংকের প্রেসকিপশনে’ কথা না বলার আহ্বান জানান শেখ সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০০ ঘ.
bdnews24