ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের দুই ভাগে যথাসময়ে নির্বাচন করতে এপ্রিলের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে চায় নতুন নির্বাচন কমিশন (ইসি)।
এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে বলে বৃহস্পতিবার জানান একজন নির্বাচন কমিশনার।
গত মঙ্গলবার জাতীয় সংসদে ডিসিসি নির্বাচনের সময়সীমা বাড়িয়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন পাস হয়। আইন অনুযায়ী মে মাসের মধ্যে ডিসিসি উত্তর ও দক্ষিণে নির্বাচনের কথা রয়েছে।
ওই আইন পাসের পর কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন নতুন ইসি বৃহস্পতিবার প্রথমবারের মতো ডিসিসি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা করে।
সভার পর প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন বলেন, “কেবলমাত্র প্রাথমিক কাজ শুরু হয়েছে। তবে কবে নির্বাচন হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, “ডিসিসি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি। আগামী এপ্রিল মাসের ৩ সপ্তাহ হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে।”
এ নির্বাচন কমিশনার জানান, ২৯ মে’র মধ্যে নির্বাচন শেষ করতে হবে। তাই হাতে কয়েকদিন সময় রেখে নিবার্চনের তারিখ ঘোষণা করা হবে।
দুই ডিসিসিতে নির্বাচন একই দিনে হবে কি-না সে বিষয়ে এখনো কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান জাবেদ আলী।
কমিশনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “ডিসিসি নির্বাচনের জন্য ভোটকেন্দ্র স্থাপন, লোকবল নিয়োগ ও ভোটার তালিকা তৈরিসহ বিভিন্ন কাজ করতে হবে। ইতিমধ্যে বড় বড় কাজগুলো শেষ করা হয়েছে।”
গত ৩০ নভেম্বর ডিসিসিকে দুই ভাগ আইন পাসের পর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা তৈরি হয়। তখন সময় স্বল্পতার কারণ দেখিয়ে নির্বাচন আয়োজনে অসম্মতি জানায় এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির মাঝামাঝি ওই কমিশনের মেয়াদ শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24