ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের আদেশে উপ-নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাওয়া টি আই এম মহিতুল গণি এখন ভাবছেন নির্বাচনে অংশ নেবেন কি না।
প্রয়াত আবদুর রাজ্জাকের আসনে (শরীয়তপুর-৩) নির্বাচন কমিশন (ইসি) তার মনোয়নপত্র বাতিল করলেও রোববার হাই কোর্ট তাকে ওই নির্বাচনে অংশ নিতে দেওয়ার আদেশ দেয়।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, “এই কমিশনের অধীনে নির্বাচনে যাব কি-না, তা ভেবে দেখছি।”
বর্তমান ইসিকে ‘দলীয়’ অভিহিত করে তিনি বলেন, “নিয়ম অনুযায়ী আমি সব শর্ত পূরণ করা সত্ত্বেও নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে আমার প্রার্থিতা বাতিল করেছিল।”
“সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করতেই এটা করেছিল” মন্তব্য করে মহিতুল বলেন, “হাই কোর্টের আদেশের মাধ্যমে তাদের চক্রান্ত নস্যাৎ হয়ে গেল।”
গত ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ভোটারের স্বাক্ষরে ত্র“টি পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল করেন। এ প্রেক্ষিতে তার আপিল গত ২৩ ফেব্র“য়ারি খারিজ করে কমিশন।
এরপর মহিতুল রোববার হাই কোর্টে রিট আবেদন করলে আদালত তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার আদেশ দেয়।
উপ-নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রয়াত রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক।
আগামী মার্চে অনুষ্ঠিতব্য ওই নির্বাচন প্রসঙ্গে বিএনপি সমর্থক মহিতুল বলেন, “সব কিছু তো গণমাধ্যমের সামনে বলা সম্ভব নয়। এই নির্বাচন নিয়ে বিরাট একটি ষড়যন্ত্র কাজ করছে।”
“নির্বাচন করলে হয়ত প্রতিটি পদে পদে তারা আমাকে নির্বাচনে ব্যাঘাত করার চেষ্টা করবে।”
কমিশন ‘বিতর্কমুক্ত’ একজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে’ শরীয়তপুর সদরের গোসাইর হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির দাবিও জানান তিনি।
কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের মেয়াদে এটিই হতে যাচ্ছে প্রথম নির্বাচন।
গত ২৩ ডিসেম্বর আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শরীয়তপুর-৩ আসনটি শূন্য হয়। এরপর গত ২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮৫৬ ঘ.
bdnews24