২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাহিমের সঙ্গে লড়তে পারবেন মহিতুল

প্রয়াত আবদুর রাজ্জাকের আসনে (শরীয়তপুর-৩) উপ-নির্বাচনে টি আই এম মহিতুল গনিকে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত আবদুর রাজ্জাকের আসনে (শরীয়তপুর-৩) উপ-নির্বাচনে টি আই এম মহিতুল গনিকে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এর ফলে আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাকের সঙ্গে লড়ার সুযোগ পাচ্ছেন মহিতুল। নির্বাচন কমিশন মহিতুলের প্রার্থিতার আবেদন গত ২৩ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে বাতিল করার পর তার করা রিট আবেদনে রোববার এ আদেশ দেয় হাই কোর্টের একটি বেঞ্চ। রিট আবেদনটি করা হয় রোববার সকালেই। ঘোষিত তফসিল অনুযায়ী এদিন ছিল ওই আসনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন। বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ আদেশে মহিতুলের প্রার্থিতা বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত এবং পরে ওই বাতিল আদেশের বিরুদ্ধে তার করা আপিল খারিজের সিদ্ধান্ত স্থগিত করে। আদালত একইসঙ্গে প্রার্থিতা বাতিল ও খারিজ আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আদালতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ভোটারের স্বাক্ষরে ত্র“টি পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল করেন। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনে আপিল খারিজের দিন বিএনপি সমর্থক মহিতুল গনি সাংবাদিকদের বলেন, “এই রায়ের মাধ্যমে এই কমিশন প্রমাণ করল তারা নিরপেক্ষ নয়।” শরিয়তপুর-৩ আসনে উপ-নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারের এ প্রার্থী উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছিলেন সেদিনই। গত ২৩ ডিসেম্বর আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শরীয়তপুর-৩ আসনটি শূন্য হয়। এরপর গত ২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৩৫ ঘ.