ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা বিডিআর বিদ্রোহের সময় কেন আত্মগোপনে গিয়েছিলেন তা জানালেই ওই বিদ্রোহের কারণ জানা যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-হানিফ।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিডিআর বিদ্রোহের দিন সকাল ৯টায় খালেদা জিয়া কেন তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে তিন দিন আত্মগোপনে গিয়েছিলেন তা জাতি জানতে চায়।”
“এই মর্মান্তিক ঘটনার সময় কোনো উদ্বেগ না দেখিয়ে কেন তিনি বিদেশি এক দূতের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন?”
“খালেদা জিয়ার উত্তরের মাধ্যমেই জানা যাবে বিডিআর বিদ্রোহের কারণ,” যোগ করেন তিনি।
বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে এ আলোচনা সভা আয়োজন করে আওয়ামী লীগ। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) জওয়ানদের বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৪ জন নিহত হয়।
ওই দিনের প্রসঙ্গ টেনে হানিফ বলেন, “ঘটনার দিন সকাল পৌনে ৯টায় ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে কালো গ্লাসে ঢাকা একটি গাড়িতে করে বাসা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। তিন দিন ছিলেন না। পরে শোনা গেছে কোনো এক দূতাবাসে উনি (খালেদা জিয়া) আত্মগোপন করেছিলেন।”
“প্রশ্ন থেকে যায়- কেন উনি পালিয়ে গেলেন? কেনই বা উনি আত্মগোপনে গেলেন ?”
“যে নেত্রী ঘুম থেকে উঠে বেলা ১২টায় তিনি কীভাবে সকাল ৯টায় উঠে পালিয়ে গেলেন? আমার বিশ্বাস বিরোধীদলীয় নেত্রীর এই জবাবের মাধ্যমেই জানা যাবে বিডিআর বিদ্রোহের কারণ।”
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হানিফ বলেন, “বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তারকৃতদের ২২ জনের চাকরির সুপারিশ করেছিলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। এতে কি প্রমাণিত হয় না যে এই ঘটনার পিছনে কাদের ইন্ধন ছিল।”
এই সরকারের আমলেই বিডিআর বিদ্রোহের বিচার সম্পন্ন হবে উল্লেখ করে হানিফ বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার কাজ চলছে। এই সরকারের আমলেই বিচার শেষ হবে।”
আওয়ামী লীগের সভাপতিণ্ডলির সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/২১২২ ঘ.
bdnews24