২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ সরকারের কেউ জড়িত বলেই বিচার হচ্ছে না: আনোয়ার

তিন বছরেও বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, এই হত্যাকাণ্ডে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা জড়িত ছিলেন বলেই বিচারের নামে প্রহসন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছরেও বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, এই হত্যাকাণ্ডে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা জড়িত ছিলেন বলেই বিচারের নামে প্রহসন চলছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অবশ্য একদিন আগে এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ওই ঘটনায় স্বাধীনতাবিরোধী শক্তিসহ বিএনপি ও জামায়াত জোট জড়িত বলে অভিযোগ করেন। ওই বক্তব্যের জবাবে এম কে আনোয়ার বলেন, “সরকার এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আর এই হত্যাকাণ্ডে চারদলীয় জোট নয়, সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা জড়িত। এজন্য তারা বিচারের নামে প্রহসন করছে।” আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পরপরই ২০০৯ এর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনার পর থেকেই সরকারি দল এবং বিরোধী দল এজন্য পরস্পরকে দোষারোপ করে আসছে। ২৫ তারিখকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ওই আলোচনা সভার আয়োজন করে। আগামী নির্বাচনে বিএনপি জোট ক্ষমতায় গেলে এ সরকারের আমলে ওএসডি হওয়া ৮৪৫ জন কর্মকর্তা এবং সেনাবাহিনীর চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পুনর্বিবেচনা করা হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আলোচনা সভায় উপস্থিত বিএনপির প্রচার সম্পাদক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দলের ১২ তারিখের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এনপিপির চেয়ারম্যান শওকত হোসেন নীলুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, ইসলামী ঐক্যজোটের সভাপতি আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৭২৫ ঘ.