ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্থাপিত ২৫টি অভিযোগের মধ্যে ছয়টি প্রত্যাহারের আবেদন করেছেন তার আইনজীবীরা।
বুধবার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ থাকলেও সাক্ষী উপস্থিতি না থাকায় তা হয়নি।
সালাউদ্দিন কাদেরের আইনজীবীরা অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি তার জামিনের আবেদনও পুনর্বার জানিয়েছেন। এ বিষয়ে শুনানিতে সায় দিয়েছে ট্রাইব্যুনাল।
এর আগে একবার শুনানি শেষে আদালত একই আবেদন নাকচ করলেও বুধবার এর পক্ষে নতুন কিছু যুক্তি তুলে ধরেন বিএনপি নেতার আইনজীবীরা।
সালাউদ্দিন কাদেরের আইনজীবী আহসানুল হক বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ছয়টি অভিযোগ ১৯৭২ সালের দালাল আইনের আওতায় হওয়ায় সেগুলো বাদ দিতে হবে।
তিনি বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় তার আওতায় থাকা কোনো বিধিই আর কার্যকর নয়। ওই সংশোধনীতে দালাল আইন বাতিল হয়েছিল এবং পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় ওই আইনই আবার বলবৎ হয়েছে।
তিনি বলেন, দালাল আইনে বলা হয়েছে, এ আইনের আওতাধীন কোনো অপরাধের বিচার অন্য কোনো আদালত করতে পারবে না। আর অন্য মামলা এখানে স্থানান্তরের বিষয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোথাও বলা হয়নি।
এর মাধ্যমে একই অপরাধের দুইবার বিচার হওয়ার ঝুঁকি থেকে যায় বলে মত প্রকাশ করেন আহসানুল, যা সংবিধান সম্মত নয়।
“এটা আমার অনুরোধ যে প্রসিকিউশন ২৫টি অভিযোগের মধ্যে ছয়টি প্রত্যাহার করবে এবং পরবর্তীতে লজ্জার মুখে পড়ার হাত থেকে নিজেদের রক্ষা করবে,” বলেন তিনি।
গত ১৪ নভেম্বর সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন। তিন দিন পর তা আমলে নেয় আদালত।
২০১০ সালের ১৫ ডিসেম্বর আটক করা হয় সালাহউদ্দিন কাদের চৌধুরীকে। এর পাঁচ দিন পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয় তাকে।
গত ৩ অক্টোবর তার বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টকা নিয়ে প্রায় আট হাজার পৃষ্ঠা তথ্যসহ ১১৯ পৃষ্ঠার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের হাতে তুলে দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/২১০৫ ঘ.
bdnews24