২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার শুনানি দুই সপ্তাহ মুলতবি

জামায়াত নেতার আইনজীবীরা আদালতে বলেছেন, তাদের যেসব নথিপত্র দেওয়া হয়েছে, তার অনেকগুলোরই ছাপা অস্পষ্ট। তাই তারা শুনানির জন্য প্রস্তুতি নিতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 06:18 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি হয়েছে। রোববার আসামি পক্ষের আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি পেছানোর আদেশ দেয়। পরবর্তী শুনানি হবে ৪ মার্চ। কাদের মোল্লার আইনজীবীরা আদালতে জানান, তাদের যেসব নথিপত্র দেওয়া হয়েছে, তার অনেকগুলোরই ছাপা অস্পষ্ট। তাই তারা শুনানির জন্য প্রস্তুতি নিতে পারেননি। কাদের মোল্লার শুনানি পেছানোর পর ট্রাইব্যুনালে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন শুরু হয়। তা শেষ না হওয়ার আগেই ট্রাইব্যুনালের দিনের কার্যক্রম শেষ হয়। সোমবার পুনরায় অভিযোগ উপস্থাপন হবে। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। কাদের মোল¬ার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একাত্তরে কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে। মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৮১০ ঘ.