২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতে লক্ষ্মীপুরে খালেদা

বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তৃতা করারও কথা রয়েছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 03:57 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

লক্ষ্মীপুর, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে লক্ষ্মীপুরে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সেখানে একটি জনসভাতেও অংশ নেবেন তিনি। শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর গুলশানের বাসা থেকে তার গাড়িবহর রওনা হয়। তিনি লক্ষ্মীপুর সার্কিট হাউজে পৌছান বিকাল ৩টা ২০ মিনিটে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ জ্যেষ্ঠ নেতারা এ সময় ফুল দিয়ে বিএনপি চেয়ারপার্সনকে স্বাগত জানান। গত ২৯ জানুয়ারি লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিল কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে আবুল কাশেম ও রুবেল হোসেন নামের দুইজন নিহত হন। একই দিনে চাঁদপুরে নিহত হন বিএনপির আরো দুই কর্মী। পরদিন রাজশাহীতেও গণমিছিলে গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হন। নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে গত ১৩ ফেব্র“য়ারি চাঁদপুরে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলার সমন্বয়কারী বরকত উল্লাহ বুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার পর স্থানীয় বিএনপির উদ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন খালেদা জিয়া। সেখানেই তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। ঢাকা থেকে লক্ষ্মীপুর আসার পথে কুমিল্লার লাকসাম বাইপাস, বেগমগঞ্জ চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানায়। বিএনপি চেয়ারপার্সনের আগমন উপলক্ষে লাকসাম বাইপাস থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়কে নির্মাণ করা হয় শতাধিক তোরণ। দক্ষিণ কুমিল্লার বিজয়পুরের কাছে রবিউল ও আমিনুল নামের দুই পঙ্গু ভিক্ষুককে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে তাদের কিছু টাকা দেন খালেদা জিয়া। এ সময় তাদের খোঁজ-খবরও নেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫৩০ ঘ.