২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মুদ্রা পাচার: মামলা গ্রহণকারী পুলিশের জেরা শেষ

জেরায় পুলিশ পরিদর্শক হোসনে আরা বলেছেন, চাপে নয়, প্রকৃত কারণ ছিল বলেই এ মামলা নথিভুক্ত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 07:17 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় মামলা রেকর্ডকারী পুলিশ পরিদর্শক হোসনে আরার সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেনের আদালতে আসামিপক্ষের আইনজীবীর জেরার জবাবে তিনি বলেছেন, কোনো চাপে নয়, প্রকৃত কারণ ছিল বলেই এ মামলা নথিভুক্ত করেছেন তিনি। তার জেরা শেষে আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রেখেছেন বিচারক। এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য গিয়াসউদ্দিন আল মামুনকে সকালে আদালতে হাজির করা হয়। হোসনে আরা বক্তব্য উপস্থাপনের পর তাকে জেরা করেন মামুনের আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন। জেরার জবাবে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি হোসনে আরা বলেন, ঘটনার দীর্ঘদিন পর এ মামলা হলেও এর পেছনে কোনো রাজনৈতিক উদ্যেশ্য ছিল না। প্রকৃত কারণ ছিল বলেই মামলা নেওয়া হয়েছে। “আসামিদের চেহারা আমি না চিনলেও মামলার কাগজপত্র দেখে বুঝতে পেরেছি, মামলা দায়ের করার যথেষ্ট কারণ রয়েছে।” আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মামলার এজাহার গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের কোনো চাপ ছিল না। তারেককে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলছে বলে তার পক্ষে কেউ রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীকে জেরা করার সুযোগ পাচ্ছেন না। তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে তারেকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার বন্ধু মামুন অবৈধভাবে অর্থ নেন। মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন তারেক রহমান। ওই অর্থের মধ্যে সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএর একটি শাখায় ওই মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার ডলার জমা করা হয়। গত বছরের ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের পর তারেককে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩০৭ ঘ.