২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করে যাত্রা শুরু নাহিমের

শরিয়তপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন নাহিম রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

শরীয়তপুর, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরিয়তপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন নাহিম রাজ্জাক। সোমবার শ্রদ্ধা নিবেদনের পর নাহিম বনানী কবরস্থানে তার বাবা সদ্য প্রয়াত আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২০১১ সালের ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। আগামী ১৫ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের সভায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে নাহিম মনোনয়ন পাওয়ায় রাত থেকেই নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে। মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিম রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“এ আসনে আরো যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা সবাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ ও আমার গুরুজন। “সবার সহযোগিতা নিয়ে বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও আমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করব।” ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সোমবার নাহিমের নামে একটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ১৫ ফেব্র“য়ারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে তিনি জানিয়েছেন। নাহিম ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ভারতের দার্জিলিং ও আজমিরে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করেন। এরপর ইংল্যান্ডের কিংসেন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষে লন্ডনে একটি বহুজাতিক কোম্পানিতে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলায় তার বাবা আব্দুর রাজ্জাক আহত হলে দেশে ফিরে এসে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন নাহিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩০ ঘ.