চাঁদপুর, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে তাদের হটাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
কোনো ধরনের সংঘাতে না গিয়ে ১২ মার্চের সমাবেশ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হবে এবং তাতে নিজেও অংশ নেবেন বলে সোমবার চাঁদপুরের জনসভায় জানান তিনি।
ঢাকায় সমাবেশের দিন পাল্টা কর্মসূচি দিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে না দিতেও সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা সোমবার চাঁদপুর স্টেডিয়ামে এক জনসভায় বক্তব্য দেন। গত ২৯ জানুয়ারি গণমিছিলে নিহত দুই কর্মীর স্মরণে এই জনসভা করে স্থানীয় বিএনপি।
নিহত লিমন হোসেন ছৈয়াল ও আবুল হোসেন মৃধার পরিবারের সদস্য জনসভামঞ্চে ছিলেন। খালেদা মঞ্চে উঠে তাদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।
বিরোধীদলীয় নেতা বলেন, “এই ব্যর্থ সরকার টেনে-টেনে খুঁড়িয়ে-খুঁড়িয়ে চলছে। আমরা তাদের ফেলতে চাই না; দেখতে চাই, কতটুকু খুঁড়িয়ে চলতে পারে। আমরা তাদের ল্যাংড়া-লুলা বানিয়ে ছেড়ে দিতে চাই।”
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে এর জন্য সরকারকে পুরোপুরি দায়ী করেন তিনি।
“গত তিন বছরের সরকার ১২ হাজার মানুষকে হত্যা করেছে। মানুষ তাদের কাছ পেয়েছে শুধু লাশ আর লাশ। তবুও তাদের রক্তের স্বাদ মেটেনি। খুনি সরকারের হাত জনগণের রক্তে রঞ্জিত,” বলেন খালেদা।
এরপরই তিনি বলেন, “তাই বার বার না মরে আবারো জেগে উঠুন। এই সরকারের পতন না হলে দেশে শান্তি আসবে না।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “সময় থাকতে সরকারের বোধদয় না হলে ১২ মার্চ আমরা ঢাকার মহাসমাবেশ থেকে কী কর্মসূচি দেব, তা জানতে পারবেন। আওয়ামী লীগের মতো লগি-বৈঠা নয়, জনভিত্তিক ও শান্তিপূর্ণ কর্মসূচি দেব।
“সে কর্মসূচিতে আপনাদের (জনগণ) অবস্থান নিতে হবে। আমিও অবস্থান নেব, আমি আপনাদের সঙ্গেই থাকব।”
খালেদার এই বক্তব্যে জনসভায় উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক করতালি ও স্লোগানে সমর্থন জানায়। ২০০৫ সালের পর চাঁদপুর শহরে এটাই খালেদার প্রথম জনসভা। এতে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে জড়ো হয়।
.
বিরোধীদলীয় নেতা ৪০ মিনিটের বক্তব্যে সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, বিদ্যুৎ ব্যবস্থা, দ্রব্যমূল্য, অর্থনৈতিক অবস্থা এবং পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন।
১২ মার্চ বিএনপি ঢাকায় মহামাবেশ ডাকার পর মাসজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার সমালোচনা করে খালেদা বলেন, রোড মার্চের মতো ঢাকার ওই কর্মসূচিতে মানুষের ঢল নামবে জেনে সরকারের মন্ত্রীরা এখন থেকে আবোল-তাবোল বকতে শুরু করেছে।
“তারা বলছেন, ১২ মার্চ ঢাকা দখল করে রাখবে। আমরা ঢাকা দখল করতে চাই না। তারা কীভাবে করে, তা দেখা যাক।”
“সরকারকে বলব, পাল্টা কর্মসূচি বন্ধ করুন। যদি সেদিন ঝগড়া হয়, তার দায় আপনাদের নিতে হবে,” সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
১২ মার্চের ‘ঢাকা চল’ কর্মসূচিতে বাধা দেওয়া হলে সংগঠিতভাবে তার প্রতিবাদ জানাতেও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
দুপুর আড়াইটায় বিএনপির চাঁদপুর জেলা সভাপতি মমিনুল হকের সভাপতিত্বে জনসভা শুরু হলেও বেলা ১২টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করে। বিকাল ৩টায় পুরো স্টেডিয়াম ভরে যায়। স্টেডিয়ামের বাইরেও ছিলেন অনেকে।
জনসভা ঘিরে জেলা শহরের মূল সড়ক তোরণ ও প্ল্যাকার্ড-ব্যানার দিয়ে বর্ণিলভাবে সাজানো হয়। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত ডিজিটাল ব্যানার টানানো হয়। ছিল গণমিছিলে গুলিতে নিহত লিমন ও আবুল মৃধার প্রতিকৃতি সম্বলিত ব্যানারও।
‘
গণমিছিলে গুলিবর্ষণের বিচার হবে’
পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, “সীমান্তে যেভাবে বিএসএফ মানুষকে কাপড় খুলে পেটায়, গুলি করে হত্যা করে, সেভাবে আমাদের পুলিশ আচরণ করছে। তারা কোন দেশের পুলিশ, বাংলাদেশের মানুষ তা জানতে চায়।”
চাঁদপুর ও লক্ষ্মীপুরে গণমিছিলে গুলিবর্ষণকারীদের বিচার ও শাস্তির অঙ্গীকার করে তিনি বলেন, “আমি চাঁদপুরবাসীকে কথা দিচ্ছি, এই হত্যার বিচার হবেই। দোষীদের শাস্তি দেবই দেব।”
পুলিশকে সতর্ক করে বিরোধীদলীয় নেতা বলেন, “আপনারা দায়িত্ব পালন করুন, তবে বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি ভালো নয়, আপনাদের এদেশেই থাকতে হবে।”
খালেদা জিয়ার এই সভার নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য স্টেডিয়াম এবং এর আশপাশে দায়িত্ব পালন করে।
‘
দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়’
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে খালেদা বলেন, “এদেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার নাম পছন্দ না হলে অন্য যে কোনো নাম দিতে পারেন। তবে তা অবশ্যই নির্দলীয় সরকার হতে হবে।”
দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলেও যুক্তি তুলে ধরেন তিনি।
পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে আগামী জাতীয় নির্বাচন না মানার কথা জানিয়ে খালেদা বলেন, “আমেরিকাসহ বিভিন্ন দেশ এটা বাতিল করেছে, আমরাও মনে করি এই ইভিএমে ভোট কারচুপি হয়।”
সীমান্ত হত্যা প্রসঙ্গে
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফের নির্যাতনের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “সীমান্তে গুলি করে পাখির মতো মানুষ মারছে। আবার বিএসএফ প্রধান জোর গলায় বলেছেন, হত্যা বন্ধ হবে না।
“আমি বলতে চাই, যদি ভারত হত্যাকাণ্ড বন্ধ না করে, আমাদের সীমান্ত রক্ষা বাহিনীকে বলব, আরো কঠোর হোন।”
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির প্রতি ইঙ্গিত করে খালেদা বলেন, “আপনাদের একজন মন্ত্রী আছেন, তার কাছে জানতে চান, কেন সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। তিনি সারা বছর বিদেশ ঘুরে বেড়ান। তার কাছে জানতে চান, বিদেশ থেকে আমাদের লোকজন কেন ফিরে আসছে।”
জনসভায় বক্তারা
জনসভায় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, সংসদ সদস্য হারুনুর রশীদ, রাশেদা বেগম হীরা, সাবেক সংসদ সদস্য নুরুল হুদা, জি এম ফজলুল হক, এম এ মতিন, চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক, শহর সভাপতি সলিমুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক আখতার হোসেন মাঝী, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/২০১৯ ঘ.
bdnews24