চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হয়রানির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম এবং তার তিন ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ব্যবসায়ী।
মীর ইফতেখার উদ্দিন নামে ওই পোশাক শিল্পমালিক ডবলমুরিং থানায় রোববার রাতে এ জিডি করেন।
থানার দায়িত্বরত কর্মকর্তা মর্জিনা আকতার জিডির বিষয় নিশ্চিত করে জানান, এতে মনজুর আলমের নাম উল্লেখ করা হলেও তিনি সিটি মেয়র কি না, তা উল্লেখ নেই।
তবে মীর ইফতেখার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মেয়র মনজুর আলম, তার তিন ছেলে ও বড়ভাইসহ ১০ জনের বিরুদ্ধে এ ডায়েরি করেছি।”
গত বছরের ৮ সেপ্টেম্বর মীর ইফতেখার মহানগর দায়রা জজ আদালতে মেয়র মনজুরহ ১০ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলা করেন, যা তদন্তাধীন।
মীর ইফতেখার বলেন, শনিবার রাতে তিন যুবক তার পশ্চিম মাদারবাড়ির বাসায় গিয়ে ভয়ভীতি দেখায়। এতে তার পরিবার আতঙ্কগ্রস্ত।
ওই মামলার কারণে মেয়র ও তার পরিবারের সদস্যরা এই কাজ করেছে সন্দেহ করে জিডিটি করেছেন তিনি।
মনজুর আলম ছাড়া জিডিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- মেয়রের তিন ছেলে নিজামুল আলম, সরোয়ার আলম, ফারুক আজম, মেয়রের বড়ভাই মো. আবু তাহের, তাহেরের দুই ছেলে দিদারুল আলম ও শাহিন আলম, মেয়রের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আলহাজ মোস্তফা হাকিম রিয়্যাল এস্টেট অ্যান্ড ট্রেডিং করপোরেশনের হিসাব কর্মকর্তা সোহেল আমিন, নির্বাহী কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এবং গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাফর আহম্মদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৭২৫ ঘ.
bdnews24