চাঁদপুর, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে স্টেডিয়াম মাঠের জনসভার মঞ্চে উঠেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার বিকাল পৌনে ৪টার দিকে মঞ্চে উঠলে নেতা-কর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
২০০৫ সালের ১৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে সর্বশেষ চাঁদপুর শহরে জনসভা করেন খালেদা জিয়া। এরপর চাঁদপুরে বিরোধী দলীয় নেতা হিসেবে তার এটি প্রথম জনসভা। ২০০৮ সালে সংসদ নির্বাচনের সময়ে কচুয়ায় জনসভা করেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার জনসভা নিয়ে চাঁদপুর ও তার পাশ্ববর্তী উপজেলাগুলোর নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়।
জনসভার মঞ্চে উঠে খালেদা জিয়া গণমিছিলে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চাঁদপুরে লিমন হোসেন ছৈয়াল ও আবুল হোসেন মারা যান।
তাদের পরিবারের সদস্যদের সান্তনা জানতেই চাঁদপুর এসেছেন বিরোধী দলীয় নেতা।
দুপুর আড়াইটা দিকে জেলা সভাপতি মমিনুল হকের সভাপতিত্বে জনসভার কার্যক্রম শুরু হয়। তবে বেলা ১২টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করে। বিকাল তিনটার আগে পুরো স্টেডিয়াম ভরে যায়। স্টেডিয়ামের বাইরেও মানুষজন নেত্রীর বক্তব্য শোনার জন্য জড়ো হয়েছে।
চাঁদপুর সদর ছাড়াও হাইমচর, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলা থেকে বাস-ট্রাক ও লঞ্চে করে নেতা-কর্মীরা এই জনসভায় যোগ দিয়েছে।
খালেদা জিয়ার জনসভা উপলক্ষে চাঁদপুরের জেলা শহরের মূল সড়ক স্বাগত তোরণ ও প্ল্যাকার্ড-ব্যানার দিয়ে বর্নিলভাবে সাজানো হয়েছে। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানসহ স্থানীয় নেতাদের প্রতিকৃতি সম্বলিত ডিজিটাল ব্যানার টানানো হয়।
এর পাশাপাশি গণমিছিলে নিহত দুই কর্মী লিমন হোসেন ছৈয়াল ও আবুল মৃধার প্রতিকৃতি সম্বলিত নানা রঙের ডিজিটাল ব্যানারও ঝোলানো হয়।
জনসভা উপলক্ষে স্টেডিয়ামে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। স্টেডিয়ামের ঢোকার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা সার্বক্ষনিক সর্তক নজরদারি রাখছেন।
এর আগে দুপুর তিনটার দিকে খালেদা জিয়ার গাড়িবহর জেলা সার্কিট হাউজে পৌঁছলে দলের ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, জেলা সভাপতি মমিনুল হকসহ অন্যান্য নেতারা ফুল দিয়ে বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানান।
ঢাকা থেকে চাঁদপুর আসার পথে কুমিল্লার ময়নামতি, পদুয়া বাজার, লালমাই, লাকসামসহ বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়ার গাড়িবহরকে স্বাগত জানায়। পদুয়া বাজার থেকে চাঁদপুর পর্যন্ত সড়কে শতাধিক স্বাগত তোরণ বসানো হয়।
ঢাকা থেকে চাঁদপুর আসার পথে কুমিল্লার ময়নামতি, পদুয়া বাজার, লালমাই, লাকসামসহ বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়ার গাড়িবহরকে স্বাগত জানায়। পদুয়া বাজার থেকে চাঁদপুর পর্যন্ত সড়কে শতাধিক স্বাগত তোরণ বসানো হয়।
জনসভায় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, সাংসদ হারুনুর রশীদ, রাশেদা বেগম হীরা, সাবেক সাংসদ নুরুল হুদা, জি এম ফজলুল হক, এম এ মতিন, জেলা সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক, শহর সভাপতি সলিমুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক আখতার হোসেন মাঝী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসইউ/১৬৫৪ ঘ.
bdnews24