২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজি সেলিমকে গ্রেপ্তারে পরোয়ানা

পুরনো একটি মামলায় গ্রেপ্তারের ঝুঁকিতে পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হাজি মোহাম্মদ সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো একটি মামলায় গ্রেপ্তারের ঝুঁকিতে পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হাজি মোহাম্মদ সেলিম। ২০০৪ সালের ২৩ মার্চ হরতালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের এক মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের সঙ্গে আরো ২০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। সোমবার মামলার অভিযোগ গঠনের শুনানির দিন হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই আদালতের পেশকার কাজী তোফাজ্জল। তিনি বলেন, হাজী সেলিমসহ আসামিরা পরপর আটটি ধার্য তারিখে তারা আদালতে উপস্থিত হননি। অন্য যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন- গোলাম মোহাম্মদ, বাবলা, রিয়াাজউদ্দিন বাদল, হেদায়েতুল ইসলাম, হাজী মো. মফিজুল ইসলাম ওরফে দুদ মিয়া, আলী আহম্মেদ, বিপ্লব, হাজী নূর মোহাম্মদ নুরু, ইব্রাহিম স্বপন, আনিসুর রহমান আানিস, সুলতান, আকরাম, আরশাদ আলী, আরেফিন মিয়া, আব্দুল্লাহ, পিয়ারা, আরিফুর রহমান, আব্দুল জব্বার রাজা, মুরগী সেলিম এবং সাগর আহমেদ শাহীন। তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে আওয়ামী লীগের ডাকা একটি হরতালকে কেন্দ্র করে লালবাগ থানায় পুলিশ বাদি হয়ে এই মামলা করেছিল। মামলাটির কার্যক্রমে দীর্ঘদিন হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৭৩৫ ঘ.