২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি-নাটক নিয়ে চিন্তা অবান্তর: মওদুদ

নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান সরকার ‘নাটক’ সাজিয়েছে মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, এই কমিশনে কারা নিয়োগ পাচ্ছে তা নিয়ে তাদের মাথাব্যথাও নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 09:05 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান সরকার ‘নাটক’ সাজিয়েছে মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, এই কমিশনে কারা নিয়োগ পাচ্ছে তা নিয়ে তাদের মাথাব্যথাও নেই। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “২/৩ দিনের মধ্যে সরকার নির্বাচন কমিশন গঠন করবে। এই কমিশন নিয়ে এখন তারা নাটক সাজিয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে নির্বাচন কমিশনে কে বা কারা মনোনয়ন পেলো, তা অবান্তর। এ নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই।” তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তের আগে এভাবে নির্বাচন কমিশন গঠন করা হলে বিএনপি তা প্রত্যাখ্যান করবে বলে জানান মওদুদ। ২০০৭ সালের ফেব্র“য়ারিতে নিয়োগ পাওয়া এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। নতুন কমিশন নিয়োগ দিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন। তার নির্দেশে গঠিত অনুসন্ধান কমিটি নতুন কমিশনের সম্ভাব্য সদস্যদের একটি সংক্ষিপ্ত তালিকাও তৈরি করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি দল এই কমিটির কাছে তাদের পছন্দের ব্যক্তির নামের তালিকা দিলেও প্রধান বিরোধী দল কারো নাম প্রস্তাব করেনি। নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়াকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সাবেক আইন মন্ত্রী মওদুদ বলেন, “সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠনের কোনো সুযোগ নেই। এভাবে সার্চ কমিটি গঠন অসাংবিধানিক।” “বিদ্যমান সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন অনুমোদন দেবেন”, যোগ করেন তিনি। মওদুদ অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের পছন্দ অনুযায়ীই এ সার্চ কমিটির সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। চার সদস্যের এই কমিটির প্রধান হলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অন্য তিন সদস্য হলেন হাইকোর্টের বিচারক মো. নুরুজ্জামান, মহা হিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী। লক্ষ্মীপুর ও চাঁদপুরে গণমিছিলে পুলিশের গুলির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে মওদুদ বলেন, “২৯ জানুয়ারি গণমিছিলে পুলিশ গুলি করেছে। তিনদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রীও এজন্য দুঃখ প্রকাশ করেছেন। গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হয়েছে। এখন প্রধানমন্ত্রী বলছেন, গুলিবর্ষণের জন্য বিএনপি দায়ী। এটা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, বিএনপিই পাঁচজনকে হত্যা করেছে। “গুলি করে কিংবা মামলা দিয়ে অতীতে কেউ আন্দোলন দাবিয়ে রাখতে পারেনি। এই সরকারও এভাবে ক্ষমতায় থাকতে পারবে না”, বলেন মওদুদ। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং ভারতীয় সীমান্তরক্ষীদের বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে স্বাধীনতা ফোরাম জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাহবুবুল ইসলাম দোলন, কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ, সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৫০ ঘ.