২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট’

সড়কে দুর্ঘটনার দায় এড়িয়ে এই মন্তব্যের পরপরই সংসদে নিজ দলীয় এক সংসদ সদস্যের বিরোধিতার মুখে পড়তে হয়েছে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়কে দুর্ঘটনাগুলোকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখে এই জন্য সরকারকে দায়ী করা চলে না বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সংসদে তিনি বলেন, “অ্যাকসিডেন্ট ইজ অ্যাকসিডেন্ট। “পত্রপত্রিকায় লেখা হয় সড়ক দুর্ঘটনায় এত জন নিহত। সড়ক দুর্ঘটনায় নিহত হলে প্রতিবাদের কিছু নেই। রাস্তায় কাউকে মেরে ফেললে, তার প্রতিবাদ হতে পারে।” রাজধানী বাসচাপায় এক শিশুর মৃত্যুর পর দিন স্থানীয় সরকারমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ সংসদেই করেন সরকারদলীয় সংসদ সদস্য তারানা হালিম। গত বছর দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী তারানা বলেন, কারো অবহেলার জন্য সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যু হলে ৩০৪ ধারায় সেটা হত্যাকাণ্ড। তাই সড়ক দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা নয়। “পয়েন্ট অফ অর্ডারে আমি এই কথার প্রতিবাদ জানাতেই দাঁড়িয়েছি”, বলেন তিনি। সড়ক দুর্ঘটনার বিষয়ক সরকারদলীয় দুই ব্যক্তির পাল্টাপাল্টি বক্তব্যের অবতারণা হয় প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের এক প্রশ্নকে কেন্দ্র করে। দুর্ঘটনার কারণের বিষয়ে ফজলুল আজিম বলেন, “দলীয়করণ করে টেন্ডারবাজির মাধ্যমে অপেশাদার লোকদের কাজ দেওয়া হচ্ছে। একই সঙ্গে এলজিইডি’র এক ধরনের কর্মকর্তারা দুর্নীতি করছেন। এজন্য সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।” এর জবাব দিতে গিয়েই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ ‘অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট’ মন্তব্য করেন। তিনি আরো বলেন, তার কাছে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ দিলে তিনি ব্যবস্থা নেবেন। “শেখ হাসিনার সরকার টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং দুর্নীতিতে বিশ্বাস করে না”, যোগ করেন মন্ত্রী। আওয়ামী লীগের সংসদ সদস্য আ স ম ফিরোজের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “রাস্তা মেরামতের নামে অর্থের অপচয় হয়, সেটা ঠিক। আগামী বছর ব্রিজ-কালভার্ট ও রাস্তা নির্মাণের বদলে এলজিইডি যে সব অবকাঠামো নির্মাণ করেছে, তা মেরামতে অর্থ ব্যয় করা হবে।” বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বগুড়া ও রংপুরসহ ১৯টি বৃহত্তর জেলাকে সিটি কর্পোরেশন হিসাবে ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯১৫ ঘ.