ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ‘ডাইনি শিকারের’ ঢঙে বিরোধী দলের কর্মসূচিতে হামলা চালাচ্ছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত তিন দিনে তাদের ১০ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ হয়েছে।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রবি ও সোমবারের গণমিছিলসহ তিন দিনে সারাদেশে ১ হাজার ৯৫৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মিছিলে পুলিশের গুলি ও হামলায় আহত হয়েছে ১ হাজার ৯৯৯ জন। আর সারাদেশে ১০ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে সরকার।”
“এভাবে পুলিশ ও ক্ষমতাসীনরা ‘ডাইনি শিকার’ প্রক্রিয়ায় বিরোধী দলের শান্তিপূর্ণ গণমিছিলে আক্রমণ চালাচ্ছে’, অভিযোগ করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপিসহ চার দল রোববার জেলায় জেলায় এবং সোমবার ঢাকা ও চার মহানগরে গণমিছিল করে। প্রথম দিন চাঁদপুর ও লক্ষীপুরে পুলিশের গুলিতে নিহত হয় চারজন। সোমবার রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন জামায়াতে ইসলামীর এক কর্মী।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, “বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত করতে পুলিশ বাহিনী অনেক জায়গায় (ক্ষমতাসীনদের) দলীয় ক্যাডারের মতো কাজ করেছে।”
লক্ষীপুর-চাঁদপুর-রাজশাহী ছাড়াও কুড়িগ্রাম, মাদারীপুর, ময়মনসিংহ, মেহেরপুর ও শরীয়তপুরে গণমিছিলে হামলা চালিয়ে বিরোধী দলের অনেক নেতাকর্মীকে ‘আহত’ ও গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে সব ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
রিজভী বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপার্সনের প্রতিনিধি হিসেবে যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে চাঁদপুরে এবং যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুকে লক্ষ্মীপুরে পাঠানো হয়েছে।
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাংসদ হারুন অর রশীদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও যুব দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩২০ ঘ.
bdnews24