২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি ব্যবস্থা নেবেন সুরঞ্জিত

ছয় মাস পর বেশভূষা পাল্টে ‘উদয় হয়ে’ গাড়ি চালক আজম খান ‘রাজনৈতিক ভাষায়’ কথা বলছে- মন্তব্য সুরঞ্জিত সেনগুপ্তের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের ‘অর্থ কেলেঙ্কারি’ নিয়ে একটি টেলিভিশনে গাড়ি চালক আজম খানের ‘বিস্ফোরক বক্তব্য’ প্রচারিত হওয়ার পর সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সম্মানহানী করায় তিনি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। বুধবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই দপ্তরবিহীন মন্ত্রী বলেন, তার সাবেক এপিএসের গাড়ি চালক আজম খান এখন বেশভূষা বদলে ‘রাজনৈতিক ভাষায়’ কথা বলছেন। সুরঞ্জিত বলেন, “আমার এবং আমার নিরাপরাধ পরিবারকে রক্ষার জন্য কতিপয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছি।” তবে কবে, কোথায়, কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন তা স্পষ্ট করেননি ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য। গত ৯ এপ্রিল রাতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়। এরপর ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। ঘটনার পর থেকে ফারুকের গাড়ি চালক আজম খানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। দুর্নীতি দমন কমিশন ও রেল কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তলব করলেও তিনি হাজির হননি। প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর গত ৪ অক্টোবর বেসরকারি চ্যানেল আরটিভির এক প্রতিবেদনে ‘হাজির হন’ আজম। ওই প্রতিবেদনে তিনি করেন, সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক পিলখানায় যে অর্থসহ আটক হয়েছিলেন তার উৎস ছিল রেলের ‘নিয়োগ বাণিজ্য’। ওই টাকা সাবেক মন্ত্রীর বাড়িতে পৌঁছানোর সময়ই ফারুক ‘আটক হন’। বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত সাক্ষাৎকারে আজমকে বলতে দেখা যায়, “আমার জানা মতে ফারুকের মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে রেলের জিএম-এর কন্ট্রাক্ট হয়েছে। গাড়িতে তারা আলাপ-আলোচনা করেছে রেলের নিয়োগের ব্যাপারে সুরঞ্জিত সেনগুপ্তকে ১০ কোটি টাকা দেবে, আর সুরঞ্জিত সেনগুপ্তের ছয়শ লোক পার্সোনালি ঢোকাতে হবে।” পুরো ঘটনাকে ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “ড্রাইভার যা বলেছে তা আপনারা জানেন। এটা যদি এক সেকেন্ডের জন্যও প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে যে কোনো আইনে ব্যবস্থা নেয়া যেতে পারে।” মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, আজম ছয় মাস পরে কেন হাজির হলেন তা নিয়ে প্রশ্ন করতে হবে। “একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আজম খান আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। একজন সহজ-সরল চালক রাজনীতির ভাষায় কথা বলছেন, এ নিয়ে আপনাদের প্রশ্ন করতে হবে।” “তাকে (আজম) দেখে মনে হয় মটিভেটেড, টিউটরড”, বলেন সুরঞ্জিত। তিনি দাবি করেন, পুরো বিষয়টি তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সাবেক রেলমন্ত্রী দাবি করেন, রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের তদন্তে তিনি নিজে ও তার ছেলে সৌমেন সেনগুপ্ত নির্দোষ প্রমাণিত হয়েছেন। “তদন্ত নিয়ে আমি কখনোই ভীত ছিলাম না। এখনো নই। যত রকমের তদন্ত আছে, করুন। জাতীয়, আন্তর্জাতিক, জাতিসংঘ, দুদক, সংসদীয় কমিটি, বিচার বিভাগীয়, বিরোধী দলীয়- সব ধরনের তদন্ত করুন।” তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে সব ধরনের অভিযোগ থেকে মুক্তি চান বলে মন্তব্য করেন সুরঞ্জিত। দুর্নীতির অভিযোগ এনে হেনস্তা করায় নিজের ও পরিবারের সম্মানহানি হয়েছে দাবি করে তিনি প্রশ্ন রাখেন, “পৈত্রিক সম্পত্তি থাকা কি অপরাধ?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৪৪০ ঘ.