২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈদের দিন হত্যা করা হয় ৩৮ বাঙালিকে’

বাহ্মণবাড়িয়ায় ৩৮ বাঙালিকে হত্যার আগে কারাবন্দি পুলিশ কর্মকর্তা ছিরু মিয়ার সঙ্গে কথা হয়েছিল সাক্ষী আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের এক ঈদের দিন ব্রাক্ষণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তা ছিরু ও তার ছেলেসহ ৩৮ জনকে জেল থেকে বের করে এনে হত্যা করে পাকিস্তানি সেনারা। বৃহস্পতিবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসালমীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্যে এ কথা জানান সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। পুলিশের এই উপ-পরিদর্শকসহ ৩৮ জনকে হত্যার অপরাধে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও হত্যার ষড়যন্ত্রেরও অভিযোগ আনা হয়েছে। গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্দশ সাক্ষী হিসেবে বুলবুল আদালতে ১৯৭১ সালে ঈদ-উল-ফিতরের দিন সন্ধ্যায় ছিরু মিয়া ও তার ছেলের সঙ্গে কথোপকথনের বর্ণনা দেন। তিনি বলেন, সেদিন পাকিস্তানি সেনারা ছিরু মিয়া ও তার ছেলেসহ ৩৯ জনকে কারাগারের বাইরে নিয়ে যায়। তারপর তাদের গুলি করা হয়। এর আগে অপর এক সাক্ষী জানিয়েছিলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিন ৩৯ জনকে গুলি করা হয়, যাদের মধ্যে একজন প্রাণে বেঁচে যান। ইমতিয়াজ বুলবুল জানান, ২০০৮ সালে একাত্তরের ওই ঈদের দিনের ঘটনা টেলিভিশনে তাকে তুলে ধরতে দেখে ছিরু মিয়ার স্ত্রী ফোনে তার সঙ্গে যোগাযোগ করেন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামির নেতা হিসেবে গোলাম আযম একাত্তরে রাজাকার, আল-বদর ও আল-শামসের মতো সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। এই সব বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা ও এদেশের নিরস্ত্র বাঙালির ওপর হত্যা ও নির্যাতন চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এএল/১৭১৭ ঘ.