ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ বসতিতে হামলার ঘটনায় নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে বিরোধী দল বিএনপি।
সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধি সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঘটনা তদন্তের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি দলীয় সংসদ সদস্যকে দায়ী করে দিলেন। এ থেকে বোঝা যায়, সরকারের মদদে বৌদ্ধ বসতিতে হামলার ঘটনা ঘটিয়ে এখন বিরোধী দলের ওপর দোষ চাপাতে চাইছে।”
“তাই আমরা দাবি করব, নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত করা হোক।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
রোববার ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকায় ফিরে কারো নাম না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, “সেই এলাকায় বিএনপির একজন সাংসদ আছেন; অভিযোগ আছে, যারা এই অপতৎপরতা চালানোর জন্য সেখানে সংঘবদ্ধ হয়ে উপস্থিত হয়েছিলেন তাদেরকে দিয়ে তিনি ওই এলাকায় তাণ্ডবলীলা এমনকি খুন করার জন্য আহবান জানিয়েছিলেন।”
স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজল রাতে এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে অবিবেচনাপ্রসূত, বালখিল্যসুলভ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টাপ্রসূত বলে উল্লেখ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন ধর্ম বিশ্বাস ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আবহমানকাল ধরে শান্তি ও সম্প্রীতির মধ্যে পাশাপাশি বসবাস করে আসছেন। এই ধর্মীয় সম্প্রীতি আমাদের উজ্জ্বল ঐতিহ্যের অংশ।”
“কিন্তু সেখানে উস্কানি দিয়ে এরকম ঘটনা ঘটানো হয়েছে। তাদের অবশ্যই খুঁজে বের করতে হবে।”
আগামীতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য দোষীদের খুঁজে বের করে ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি দেয়ার দাবি জানান ফখরুল।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, “ঘটনার পরদিন মন্ত্রী উপস্থিতি হওয়ার পরও ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভাংচুরের ঘটনা ছড়িয়ে পড়ে। অথচ মন্ত্রী আগ বাড়িয়ে তদন্ত ছাড়াই সাংবাদিকদের কাছে বললেন, বিএনপির সাংসদ এই ঘটনার জন্য দায়ী। সেখানের প্রশাসন ও পুলিশ কী করেছিল?”
সহিংসতার সময় বিএনপির স্থানীয় সাংসদ ‘হিংসাত্মক তৎপরতা বন্ধের চেষ্টা’ করেছিলেন বলেও তিনি দাবি করেন।
পদ্মা সেতু
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে আসা নিয়ে সরকার প্রধানসহ মন্ত্রীরা ‘বিভ্রান্তিকর’ বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, “আমরা পত্রিকায় খবর দেখেছি, বিশ্ব ব্যাংকের অগ্রগ্রামী দলের আসার কথা ছিল, তারা আসছেন না। কারণ ওই প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে চিঠি দিয়েছিল। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।”
“অথচ সরকার প্রধানসহ মন্ত্রীরা বলছেন, বিশ্ব ব্যাংক আবার প্রকল্পে ফিরে আসছে। আমরা মনে করি, সরকারের অযোগ্যতার কারণে দেশের জনগণের আশা-আকাক্সক্ষার এভাবে বিসর্জন হচ্ছে।”
নয়া পল্টনে হোটেল ভিক্টরির সেমিনার কক্ষে ছাত্রদলের এই প্রতিনিধি সংগঠনটির ৮৫টি সাংগঠনিক জেলার ২২০ জন প্রতিনিধি অংশ নেন। ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে সর্বশেষ ছাত্রদলের প্রতিনিধি সভা হয়েছিল।
ছাত্রদলের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর সারা দেশ থেকে ছাত্র নেতাদের ডেকে এনে সংগঠনের কার্যক্রম ও পরিস্থিতি জানতেই এই প্রতিনিধি সভা করা হয়।
ছাত্রদলকে ‘ভ্যানগার্ডের ভূমিকা’ পালনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা ছাত্রদলকে একটি সৃজনশীল ছাত্র সংগঠন হিসেবে দেখতে চাই। ছাত্র নেতাদের প্রতি আহবান থাকবে, কোনো ব্যক্তি বা বন্ধু-বান্ধবের দিকে তাকিয়ে নয়, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা গড়ে উঠুন।”
ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে সংগঠনের প্রতিনিধিসভায় অন্যদের মধ্যে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সিনিয়র সহসভাপতি বজলুল করীম চৌধুরী আবেদ,যুগ্ম সাধারণ ওবায়েদুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৬৪০ ঘ.
bdnews24