২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমিছিল শুরুর অপেক্ষায় বিএনপি

নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে রয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। খালেদা জিয়া এলেই তার নেতৃত্বে মিছিল শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ নানা দাবিতে কিছু সময়ের মধ্যেই গণমিছিল শুরু করতে যাচ্ছে বিএনপি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এই মিছিলের নেতৃত্ব দেবেন। বর্তমান সরকার আমলে ঢাকার রাজপথে এটাই বিএনপি চেয়ারপারসনের প্রথম মিছিল। সোমবার দুপুর ২টায় গণমিছিল শুরুর কথা থাকলেও বেলা আড়াইটা পর্যন্ত তা শুরু হয়নি। তখন পর্যন্ত নয়া পল্টনে দলীয় কার্যালয়ে পৌঁছাননি খালেদা জিয়া। বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া পৌঁছানোর পর সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই গণমিছিল শুরু করবেন তিনি। গণমিছিলটি নয়া পল্টন থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। একই দিনে আওয়ামী লীগ পাল্টা জনসভা করায় বিএনপির এই কর্মসূচি নিয়ে উত্তেজনা-উদ্বেগ চলছে। এই কারণে রোববার গণমিছিল করতে পারেনি বিএনপি। তারা কর্মসূচি এক দিন পেছানোর পর আওয়ামী লীগও তা অনুসরণ করে। দুপুর ১২টা থেকেই বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নয়া পল্টনে জড়ো হতে থাকে। ফলে কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ড থেকে নেতা-কর্মী সমর্থকরা মিছিলে যোগ দিতে এসেছেন। জোট শরিক ও সমমনা দলগুলোও এই মিছিলে অংশ নেবেন। বিএনপি নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সারিবদ্ধভাবে সড়কে দাঁড়িয়ে রয়েছেন। অনেকের মাথায় রং বেরঙের টুপি এবং গায়ে সবুজ রঙের গেঞ্জি। অনেকের হাতে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি। গণমিছিলের পুরো কর্মসূচি ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখা যাচ্ছে www.bnplive.com এ ঠিকানায়। গণমিছিলের পথে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। নয়া পল্টন থেকে শুরু করে মগবাজার পর্যন্ত বিভিন্ন সড়কের দুই পাশে পুলিশের নজরদারি দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৫ ঘ.