২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি কর্মসূচি নিউ ইয়র্কেও

বাংলাদেশে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচির ছাপ পড়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচির ছাপ পড়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। রোববার বিএনপির গণমিছিলে গুলিতে চার জন নিহত হওয়ার প্রতিবাদে ২৯ জানুয়ারি সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস এবং তারেক পরিষদের উদ্যোগে দুটি সমাবেশ ও মানববন্ধন হয়। একই সময়ে যুক্তরাষ্ট্র যুবলীগের ব্যানারে সিটির এস্টোরিয়ায় অনুষ্ঠিত আরেকটি সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালানোর জন্য বিএনপিকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপি সোমবার ঢাকায় গণমিছিল করছে। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে একই সময়ে সমাবেশ করছে ঢাকা মহানগর আওয়ামী লীগও। পুলিশের নিষেধাজ্ঞার কারণে রোববার ঢাকায় গণমিছিল না হলেও বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করে বিএনপি। এতে পুলিশের সঙ্গে সংঘাতে লক্ষ্মীপুরে দুজন এবং চাঁদপুরে দুজন নিহত হন। চার জনের মৃত্যুর পর পুলিশকে দায়ী করে জ্যাকসন হাইটসে সড়কে সমাবেশ করে নিউ ইয়র্ক বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো। নিউ ইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বেলাল মাহমুদ, খালেক আকন্দ, ডা. শাহ আলম প্রমুখ। জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির সমাবেশ থেকেও সরকারের আচরণের নিন্দা জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান আকতার হোসেন বাদলের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব রাফেল তালুকদার, নুরুল আমিন মিয়া পলাশ, আফসানা আমিন, পিয়ার আলী প্রমুখ। অন্যদিকে এস্টোরিয়ার একটি রেস্তোরাঁয় সমাবেশে প্রবাসী আওয়ামী লীগ নেতারা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি এবং রাজাকারতন্ত্র কায়েমের জন্যে বিএনপি-জামায়ত জোট দেশ ও প্রবাসে ষড়যন্ত্র চালাচ্ছে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা সদর রশুনিয়া ইউনিয়ন পরিষদের সা¤প্রতিক নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়ী হন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তার সংবর্ধনায় ওই সভা হলেও তাতে রাজনৈতিক বক্তব্যই স্থান পায়। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন বলেন, “শেখ হাসিনাকে হত্যা করে খালেদা জিয়া বাংলাদেশে রাজাকারের শাসন কায়েমের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এবং সে জন্যই তিনি গণমিছিলে লাশ চেয়েছিলেন।” সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি শামসুদ্দিন আজাদ, প্রচার সম্পাদক হাজী এনাম, যুব বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, যুবলীগ সভাপতি মিসবাহ আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ আলম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.