চাঁদপুর/লক্ষ্মীপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে সংঘাতে দুই কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকে চাঁদপুর ও লক্ষ্মীপুরে আধাবেলা হরতাল কোনো ধরনের গোলযোগ ছাড়াই শেষ হয়েছে।
চাঁদপুর বিএনপির দাবি, রোববার গণমিছিলে তাদের দুই কর্মী লিমন ও আবুল হোসেন নিহত হন। এর প্রতিবাদে সোমবার জেলায় আধা বেলা হরতাল ডাকে বিরোধী দল।
হরতালে সকাল থেকে চাঁদপুর শহরে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, যানবাহন চলাচলও ছিল নগন্য। তবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল করেছে।
হরতালের সমর্থনে সকাল পৌনে ১১টা পর্যন্ত বিএনপি কোনো মিছিল বের করেনি। দলটির কার্যালয়ের সামনে গুটিকয়েক নেতা-কর্মীকে দেখা গেছে।
তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় শহরের চিত্রলেখা এলাকায় বেশ কয়েকদফা মিছিল হয়।
শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল। সকাল পৌনে ১১টা পর্যন্ত উপজেলাগুলোতেও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত না ঘটলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অবস্থান নিয়েছে।”
এদিকে ছাত্রদলকর্মী লিমনের জানাজা সোমবার সকাল ১০টায় শহরের আক্কাছ আলী স্কুল মাঠে হয়। এতে সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, জেলা বিএনপির সভাপতি মমিনুল হক, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
নিহত আবুল হোসেনকে রাতেই জানাজা শেষে বাবুরহাট এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রোববার গণমিছিলের সময় লক্ষ্মীপুরেও সংঘাতে দুজন নিহত হলে ওই জেলায়ও আধাবেলা হরতাল ডাকে বিএনপি।
লক্ষ্মীপুরেও হরতালে কোনো ধরনের গোলযেগের খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24