২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমিছিল: অনুমতি হয়নি, নিষেধাজ্ঞাও নেই

বিএনপির সোমবারের গণমিছিলে অনুমতি না দিলেও ওই দিন রাজধানীতে মিছিল-সমাবেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞার মুখে গণমিছিলের দিন পাল্টে সোমবার করলেও রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশের অনুমতি পায়নি বিএনপি। অন্যদিকে সোমবার রাজধানীতে মিছিল-সমাবেশে কোনো নিষেধাজ্ঞাও আরোপ করেনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিএনপির করা আবেদনটি ‘পযবেক্ষণ’ করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন। অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান ডিএমপি কমিশনার বেনজির আহমেদের বরাত দিয়ে বলেন, “মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা রোববার রাত ১২টায় শেষ হতে যাচ্ছে। সোমবার এ ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।” আনোয়ার হোসেন বলেন, “বিএনপির দুই নেতা আবেদন নিয়ে এসেছিলেন। তাদের কাছে গণমিছিল সম্পর্কে জানতে চাইলে তারা তাদের কর্মসূচি এবং তা কীভাবে পালন করবেন তার বিস্তারিত জানান।” পরে তাদের আবেদন নিয়ে পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে তার কথা হয় জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এ বিষয়ে তারা পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান।” আবেদনটি ‘পর্যবেক্ষণ’ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সোমবার গণমিছিল করতে দলটির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীর আবেদন নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি রোববার দুপুরে মতিঝিল উপ-কমিশনারের কাছে যান। আবেদন দেওয়ার পর সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। পুলিশ বলেছে পরে জানানো হবে। আমরা এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত জানাতে জন্য অনুরোধ করেছি।” বিএনপি গত ৯ জানুয়ারি ঘোষণা দিয়েছিল সরকাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তারা ২৯ জানুয়ারি (রোববার) রাজধানীসহ জেলা সদরগুলোতে গণমিছিল করবে। তবে গত ২৬ জানুয়ারি ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউতে জনসভা করার ঘোষণা দেয়। এ প্রেক্ষিতে রোববার রাজধানীতে সকাল ৬টা থেকে রাত ১২টা সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। আরো চার বিভাগীয় শহরেও একই রকমের নিষেধাজ্ঞা আসে পুলিশের তরফ থেকে। এ অবস্থায় রাজধানীর রোববারের নির্ধারিত গণমিছিল সোমবার করবে বলে শনিবার ঘোষণা দেয় বিএনপি। আওয়ামী লীগ সোমবার জানায়, তারা রোববারের জনসভা সোমবার করবে। রোববার চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিলে পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে চাঁদপুরে দুজন এবং লক্ষ্মীপুরে এক জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/পিডি/১৯১৭ ঘ.