ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত পেছানো হয়েছে।
রোববার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর আসামি পক্ষের আবেদনে আদালত এই আদেশ দেয়।
এর আগে কাদের মোল্লার আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি শুরুর আগে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনের অনুলিপি চেয়ে আবেদন করলে গত ২২ জানুয়ারি তা খারিজ হয়ে যায়।
মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে।
মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে।
কাদের মোল্লা ছাড়াও জামায়াত আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এবং দলটির সাবেক আমীর গোলাম আযম যুদ্ধাপরাধের মামলায় কারাগারে রয়েছেন।
এই অভিযোগে বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১১০ ঘ.
bdnews24