২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও গণমিছিলের তারিখ বদল

পুলিশের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ঢাকার মতো চট্টগ্রামেও রোববারের পরিবর্তে সোমবার গণমিছিল করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ঢাকার মতো চট্টগ্রামেও রোববারের পরিবর্তে সোমবার গণমিছিল করবে বিএনপি। নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার রাতে এ কথা বলেন। সোমবার দুপুর সাড়ে ৩টায় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল হবে বলে জানান তিনি। এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) শনিবার দিনে রোববার সকাল থেকে চট্টগ্রামে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কথা বললেও রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সিএমপি’র অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। বিএনপি’র পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার কেন্দ্রসহ সারাদেশের জেলা শহরে গণমিছিলের কর্মসূচি ছিল। তবে একইদিন রাজধানীতে আওয়ামী লীগ জনসভার ঘোষণা দেওয়ায় ওইদিন মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দেয় পুলিশ। এ প্রেক্ষিতে বিএনপি’র স্থায়ী কমিটি বৈঠক করে কেন্দ্রের কর্মসূচি একদিন পিছিয়ে সোমবার করলেও জেলা শহরে রোববারের কর্মসূচি ঠিক রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৪ ঘ.