রংপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয়দের নিয়োগের দাবিতে এক সংসদ সদস্যের নেতৃত্বে ঘেরাও মিছিল থেকে ভাংচুর করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতাল কর্মচারীদের হামলায় আহত হয়েছেন জাতীয় পার্টির ওই সংসদ সদস্য।
শনিবার দুপুরের এই সংঘর্ষে পুলিশ-কর্মচারী-সাংবাদিক মিলিয়ে অর্ধশতাধিক আহত হয়। আহত সংসদ সদস্য মকবুল শাহরিয়ার আসিফকে পরে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাস্তে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রংপুর-১ আসনের সংসদ সদস্য আসিফের নেতৃত্বে ট্রাকে করে প্রায় সাত থেকে আটশ লোক মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করতে আসে।
ঘেরাওয়ের মিছিল শুরুর আগে আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমার নির্বাচনী এলাকা গঙ্গাচড়ার জন্য কোনো কোটা রাখা হয়নি। তাই এলাকার বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে হাসপাতাল ঘেরাও করছে।”
রমেক হাসপাতালে ১৮৬ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে। গত ৩০ ডিসেম্বর প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়।
শুরু থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টি নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে কোটা দাবি করে আসছে।
ঘেরাও মিছিল থেকে এক পর্যায়ে এক দল হাসপাতালের পরিচালকের কক্ষের দিকে ছুটে যায়। পরিচালককে না পাওয়ায় তারা হাসপাতালের ভেতরের বিভিন্ন স্থাপনা ভাংচুর শুরু করে। তখন হাসপাতালের কর্মচারীরাও প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেঁধে যায়।
দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ এসে কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা শুরু করে। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়।
প্রায় এক ঘণ্টার ধাওয়া-পাল্টা ধাওয়ার দেশটিভির রংপুর প্রতিনিধি আবু আসলামসহ ছয় জন সাংবাদিক আহত হন। স্থানীয়রা বলছেন, আহতের মোট সংখ্যা অর্ধশতের বেশি হবে।
এক পর্যায়ে পুলিশের ধাওয়ার মুখে ঘেরাওকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। সংসদ সদস্য আসিফ দৌড়ে হাসপাতাল সংলগ্ন মেডিকেল কলেজের একটি কক্ষে ঢুকে পড়েন। এরপর মাথায় জখম অবস্থায় তাকে সেখান থেকে বের করা হয়।
আসিফ সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে তার ওপর হামলা হয়েছে। তার সঙ্গীরা এই জন্য হাসপাতালকর্মীদের দায়ী করেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান সংসদ সদস্য।
আসিফের মাথার দুই জায়গায় সেলাই দিতে হয়েছে, তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন রমেক হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম।
ওসি আলতাফ বিকালে সাংবাদিকদের বলেন, এখন পরিস্থিতি শান্ত। হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিকাল পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24