২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার উস্কানি দিচ্ছে: খোকা

পাল্টা কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাসীনরা বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি দিচ্ছে- এমন অভিযোগ এনে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেছেন, চার দলের গণমিছিল কর্মসূচিতে বাধা দিলে পরিণতি শুভ হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাল্টা কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাসীনরা বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি দিচ্ছে- এমন অভিযোগ এনে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেছেন, চার দলের গণমিছিল কর্মসূচিতে বাধা দিলে পরিণতি শুভ হবে না। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রোববারের গণমিছিল হবে শান্তিপূর্ণ। সরকারকে বলবো, এটি লাঠিসোঠা কিংবা লগি-বৈঠার কর্মসূচি নয়। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনসম্পৃক্ততা সৃষ্টি করতেই এ কর্মসূচি। এতে বাধা দেওয়া হলে তার দায় সরকারের ওপরই বর্তাবে। এর পরিণতি শুভ হবে না।” বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত ৯ জানুয়ারি চট্টগ্রামের সমাবেশ থেকে এই গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে দলের মহানগর আহ্বায়ক খোকা বলেন, “আওয়ামী লীগ হঠাৎ করে ২/৩ দিন আগে রোববার পাল্টা জনসভার কর্মসূচি দিয়েছে। এভাবে পাল্টা কর্মসূচি দিয়ে ক্ষমতাসীনরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার নীতি অনুসরণ করেছে। তারাই ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছে।” ঢাকা মহানগর আওয়ামী লীগের গত বৃহস্পতিবারের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা হবে। আর রোববার দুপুর আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলের নেতৃত্ব দেবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মিছিলটি শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চার দল ও সমমনাদের যৌথ সংবাদ সম্মেলনে ঢাকার সাবেক মেয়র খোকা জানান, মিছিল শুরুর আগে খালেদা জিয়া বক্তব্য দেবেন। এরপর মিছিল শুরু হবে। তিনি অভিযোগ করেন, গণমিছিল সামনে রেখে পুলিশ বিএনপির ওয়ার্ড পর্যায়ের ৫০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, জামায়াতের মহানগর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি আবুল কাশেম, ন্যাশনাল পিপলস পাটির মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার মহানগর সভাপতি আসাদুর রহমান খান, কল্যাণ পার্টির মহানগর সভাপতি নুরুল কবির পিন্টু, লেবার পার্টির মহানগর আহবায়ক আহসান উল্লাহ শামীম, খেলাফত মজলিশের মহানগর সভাপতি নোমান মাজহারী নংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১০ ঘ.