২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনা মার্জিত ভাষায় করুন: হানিফ

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ‘মার্জিত’ ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 09:26 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ‘মার্জিত’ ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মির্জা ফখরুল সাহেব কটুক্তি করেছেন। তিনি যেভাবে কথা বলেছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।” গত বুধবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণকে ‘বাস্তবতা বিবর্জিত’ আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেন, “আওয়ামী লীগ সরকার যা বলে, তিনি (রাষ্ট্রপতি) তাই করেন। সংসদে তোতা পাখির মতো তিনি সরকারের বক্তব্য পাঠ করেছেন।” মির্জা ফখরুলের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে হানিফ বলেন, “তার (রাষ্ট্রপতি) বক্তব্যে কোথায় ভুল আছে বলুন।” “আপনারা সমালোচনা করুন, শালীন মার্জিত ভাষায় করুন। অমার্জিত ভাষায় করবেন না”, যোগ করেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিরোধী দল ‘অস্থির’ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, “গণতান্ত্রিক শাসন ব্যাবস্থায় জনগণ পাঁচ বছরের জন্য সরকারের মেয়াদ নির্ধারণ করে দেয়। এই সরকারের মেয়াদ শেষ হতে এখনো ২ বছর বাকি আছে। বিরোধী দলের এতো অস্থিরতার কারণ কী?” বিরোধী দলের ‘সরকার-পতন আন্দোলনের’ উদ্দেশ্য নিয়েও হানিফ প্রশ্ন তোলেন। “আপনারা বলছেন গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন ঘটাবেন। কোন যুক্তিতে, কোন নীতিতে আপনারা সরকারের পতন ঘটাতে চান?” বর্তমান সরকারের শুরু থেকেই বিরোধী দল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত- এমন অভিযোগ করে হানিফ বলেন, “এ সরকার ক্ষমতায় আসার দেড় মাসের মাথায় বিডিআর বিদ্রোহ হয়েছে। যেদিন গোলাগুলি শুরু হয় সেদিন সকালে বিরোধী দলীয় নেত্রী কেন নিজের বাড়ি ছেড়ে গিয়েছিলেন?” সেনা বাহিনীতে সা¤প্রতিক ব্যর্থ অভ্যুত্থান পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। তারা (বিএনপি) বলেছিল ডিসেম্বরের মধ্যে সরকার পতন ঘটাবে। সেনাবাহিনীতে ক্যুয়ের চেষ্টা হয়েছে ডিসেম্বর মাসেই।” সেনাবাহিনী গত ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু প্রবাসী বাংলাদেশির ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ধর্মান্ধ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার প্রয়াস চালায়, যা সেনাবাহিনীর ঐকান্তিক চেষ্টায় প্রতিহত করা হয়েছে। মাহবুবুল আলম হানিফ বলেন, “তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে, কোন কোন রাজনৈতিক দল কিংবা ব্যাক্তি ওই ক্যু এর সাথে জড়িত ছিল।” ‘ষড়যন্ত্রের পথ’ থেকে সরে এসে বিএনপিকে সংসদে ফেরারও আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, “সংসদে আসুন। রাজনৈতিকভাবে বাস্তবতার মোকাবেলা করুন। রাজপথে আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না।” সাবেক অর্থমন্ত্রী এবং আওয়ামীলীগ নেতা শাহ এ এস এম কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মরণসভায় অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভানেত্রী তারানা হালিম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক অরুণ সরকার রানা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৫১৫ ঘ.