২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএম নিয়ে সন্দেহ দূর হয়েছে: ছহুল

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সাফল্যের কারণে এ নিয়ে সন্দেহ অনেকটা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

হবিগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সাফল্যের কারণে এ নিয়ে সন্দেহ অনেকটা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। রোববার হবিগঞ্জে তিনি বলেন, “নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যাপক সফল হয়েছে। যাদের ইভিএম নিয়ে সন্দেহ ছিল তা অনেকটা দূর হয়েছে।” ইভিএম চালুর শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি। ইভিএমে ভোট কারচুপির আশঙ্কা আছে- এ অভিযোগ করে দলটি নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর উপ-নির্বাচন বয়কট করে। যদিও কুমিল্লায় বিএনপি’র সাবেক নেতা মনিরুল হক সাক্কু নাগরিক কমিটির সমর্থনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন। ইভিএম পদ্ধতিতে কয়েকটি কেন্দ্রে প্রথম ভোট হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে। ছহুল হোসাইন সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা সার্ভার স্টেশনের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের জানান, দেশে ৫০২টি সার্ভার স্টেশন স্থাপন করা হয়েছে। এসব স্টেশন থেকে জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডসহ নানা ধরনের তথ্যসেবা পাওয়া যাবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান, পুলিশ সুপার মো. কামরুল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিমল চন্দ্র ভৌমিক। পরে নির্বাচন কমিশনার নবীগঞ্জ উপজেলার সার্ভার স্টেশনও উদ্বোধন করেন। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন জানান, হবিগঞ্জে ৭টি উপজেলায় সার্ভার স্টেশন হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত বিভাগ প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিমল চন্দ্র ভৌমিক জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারিয়ে যাওয়া ভোটার কার্ড উদ্ধার বা ১৮ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক চাইলে সার্ভার স্টেশনে এসে সরাসরি ভোটার হতে পারবেন। এসব সার্ভার কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে বলে জানান এই প্রকৌশলী। ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ শহরের পৌদ্দারবাড়ি এলাকায় তিনতলা সার্ভার স্টেশটির নির্মাণ কাজ এ বছরেই শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৩২ ঘ.