২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের-সাঈদী তদন্ত প্রতিবেদন পাবেন না

তদন্ত প্রতিবেদন চেয়ে জামায়াতে ইসলামীর দুই নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আব্দুল কাদের মোল্লার আবেদন খারিজ করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত প্রতিবেদন চেয়ে জামায়াতে ইসলামীর দুই নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আব্দুল কাদের মোল্লার আবেদন খারিজ করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরে যুদ্ধাপরাধে অভিযুক্ত সাঈদী এবং অভিযোগের মুখে থাকা কাদের মোল্লার আইনজীবীদের এই আবেদন রোববার খারিজের আদেশ হয়। গত ১২ জানুয়ারি কাদের মোল্লার আইনজীবী আবেদন করে বলেন, এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরুর আগে অভিযোগের যে নথি প্রসিকিউশন সরবরাহ করেছে, তাতে তদন্ত প্রতিবেদন নেই। আসামির আত্মপক্ষ সমর্থনে বক্তব্য তৈরিতে সাঈদীর আইনজীবীও নথি হিসেবে তদন্ত প্রতিবেদন চেয়ে আবেদন করেন। তবে এর বিরোধিতা করে ট্রাইব্যুনালের কৌঁসুলিরা বলেন, তদন্ত প্রতিবেদনে ঘটনার বর্ণনা বা সাক্ষীর প্রত্যেকের বিস্তারিত পরিচয় থাকে। এতে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। আদেশে ট্রাইব্যুনালের বিচারক এ টি এম ফজলে কবীর বলেন, যেহেতু তদন্ত প্রতিবেদন আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসেবে বিচার্য হচ্ছে না, তাই নথি হিসেবে এটি পাওয়ার অধিকার রাখে না আসামি পক্ষ। তদন্ত প্রতিবেদনে যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের বর্ণনা এবং সাক্ষীদের বিস্তারিত পরিচয় থাকায় তা আসামি পক্ষকে দেওয়া ওই সব ব্যক্তির নিরাপত্তাহানির কারণ হতে পারে বলেও আদালতের আদেশে বলা হয়। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল¬ার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একাত্তরে কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে। মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে। জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী ২০টি অপরাধে অভিযোগ গঠনের পর এখন বিচার চলছে। কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৩৪৭ ঘ.