ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে ‘যা হচ্ছে’ তা নিয়ে রাষ্ট্র ‘খুব বেশি চিন্তিত নয়’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও ক্ষমতাসীন দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার তিনি বলেছেন, “প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। এসব অতীতে ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে।”
ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনার ক্ষেত্রে ‘তিলকে তাল না করার’ পরামর্শও দিয়েছেন তিনি।
রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান সীমান্তের ঘটনা উস্কানিমূলক কি না।
জবাবে তিনি বলেন, “এটার সঙ্গে বহু কিছু- গরু চুরি থেকে শুরু করে মাদকচুরি অনেক কিছু এটার সঙ্গে জড়িত। সীমান্তে যারা বসবাস করছে, তাদের ও বাইরে থেকে শুনি- এসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে।
“এটা নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়। রাষ্ট্র সব কর্মকাণ্ড ফেলে রেখে শুধু এ বিষয় নিয়ে দৃষ্টি নিদর্শন করছে তাও সত্য নয়,” যোগ করেন তিনি।
স¤প্রতি চাঁপাইনবাবগঞ্জের এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতিত হন। এর একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে এর প্রতিবাদ জানায়। নির্যাতনের জন্য আট জনকে চিহ্নিত করে তাদের বরখাস্ত করে বিএসএফ।
এর পরদিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় নিহত হওয়ার ঘটনায় অপহৃত হন এক বিজিবি সদস্য। শনিবার তাকে ফেরত পেয়ে পিলখানায় বাহিনীর সদরদপ্তরে চিকিৎসা দিচ্ছে বিজিবি।
রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি) মিলনায়তনে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সৈয়দ আশরাফ।
“চোরকারবারি বহু কিছুর সঙ্গে যুক্ত” উল্লেখ করে তিনি বলেন, “সেখানে গরু চুরি, মাদক পাচার দুই দেশের বর্ডারে এগুলো হয়ে থাকে সবসময়; এগুলোকে তিলকে তাল করার কোনো প্রয়োজন আছে বলে আমি করি না।”
‘
জেলা পরিষদে নেতৃত্ব প্রতিষ্ঠা হোক’
জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশ্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার চায় জেলা পরিষদে নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে।
নির্বাচিত প্রতিনিধিদের জেলা পরিষদে বসাতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “জাতীয় সংসদের আগামী অধিবেশনেই এ আইনের সংশোধনী উপস্থাপন ও পাস করা হবে।”
নির্বাচন কমিশন নিয়োগে অনুসন্ধান কমিটি গঠন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব করেছেন। এজন্য অনুসন্ধান কমিটি গঠনের ক্ষেত্রে আইনের সংশোধন প্রয়োজন হবে কি না, তা আমরা পরীক্ষা করে দেখছি।
“জরুরি প্রয়োজনে অধ্যাদেশ জারি করেও এ নিয়োগের কাজ করা সম্ভব” উল্লেখ করে তিনি বলেন, “এক্ষেত্রে পরবর্তীতে নির্বাচন কমিশন আইন সংশোধন করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/পিডি/২২৩৯ ঘ.
bdnews24