ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
তবে বৈঠকে আলোচিত বিষয়ে দলটির কোনো নেতা কিছু বলেননি।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, রোববার বিকাল ৪টায় গুলশানের এই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব বলা হবে।
গুলশান কার্যালয়েই শনিবার রাত পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত এই বৈঠক হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
শনিবার স্বল্পতম সময়ের নোটিশে স্থায়ী কমিটির এই বৈঠক ডাকেন খালেদা।
বিএনপির চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের আগে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে গত ৬ জানুয়ারি স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২৩০০ ঘ.
bdnews24