ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বিজিবি সদস্য অপহরণসহ বিএসেএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বর্তমান সরকারের ‘দুর্বল’ পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সমানে এক মানববন্ধন কর্মসূচিতে মওদুদ আহমদ বলেন, “বর্তমান সরকার ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। জাতীয় স্বার্থ রক্ষার পক্ষে তারা আপস করেছে বলেই সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটছে।”
“সরকারকে বলবো, আপনারা একটি সার্বভৌম দেশের সীমান্তে হত্যা ও অপহরণ বন্ধ না করতে পারলে অবিলম্বে পদত্যাগ করুন”, যোগ করেন তিনি।
শুক্রবার কুমিল্লার দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের দলকুইয়া গ্রামের সীমান্ত থেকে অপহৃত হন টহলে থাকা হাবিলদার লুৎফর রহমান। এর ২১ ঘণ্টা পর রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে তাকে ফেরত দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর ‘বিএসএফের নির্যাতনের’ প্রতিবাদে সকালে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার মানববন্ধন কর্মসূচিতে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “দেশের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারকে ভারত তাদের একটি প্রাদেশিক সরকারের মতো মনে করে। এ কারণে সীমান্তে একের পর এক ঘটনা ঘটাচ্ছে তারা।”
এ অবস্থা থেকে মুক্তি পেতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মওদুদ।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১২৪০ ঘ.
bdnews24