২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি অন্যকিছুর অপেক্ষায়: মেনন

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি নির্বাচন নয়, অন্যকিছুর জন্য অপেক্ষা করছে বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

যশোর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি নির্বাচন নয়, অন্যকিছুর জন্য অপেক্ষা করছে বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মঙ্গলবার বিকালে যশোরে এক কৃষক সমাবেশে শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেনন এ কথা বলেন। বাঘারপাড়ার বাকড়ীতে তেভাগা আন্দালনের নেতা অমল সেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে তিনি আরো বলেন, “গণতন্ত্রের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র অতীতে জনগণ রুখে দিয়েছে, এবারো দেবে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।” ২০০৩ সালের ১৭ জানুয়ারি ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অমল সেনের মৃত্যু হয়। ছাত্র জীবনে অমল সেন কমিউনিস্ট আন্দোলনে যোগ দেন। ১৯১৩ সালের ১৯ জুলাই নড়াইলের আফরা গ্রামে তার জন্ম হয়। মৃত্যুবার্ষিকী আয়োজক কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, গণঐক্য কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য প্রদ্যুতকুমার ফনী, কমিউনিস্ট কেন্দ্রের অসিতবরণ রায়, ওয়ার্কার্স পার্টির হাফিজুর রহমান ভূঁইয়া, হাজেরা সুলতানা প্রমুখ। সমাবেশের আগে অমল সেন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন বাম দলের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১২৭ ঘ.