ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের যে প্রস্তাব রাষ্ট্রপতি দিয়েছেন, তা প্রত্যাখান করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের প্রস্তাব আমরা মেনে নিচ্ছি না। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তের আগে এ ধরনের কমিটি গঠন আমরা মেনে নেবো না।”
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রোববার মন্ত্রিপরিষদের কাছে যে প্রস্তাবটি পাঠিয়েছেন তাতে নতুন নির্বাচন কমিশন গঠনে উচ্চতর আদালতের দুই বিচারক এবং তিন সাংবিধানিক সংস্থার প্রধানকে নিয়ে একটি সার্চ কমিটি করার কথা বলা হয়েছে।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী মাসের মাঝামাঝি শেষ হচ্ছে। এ অবস্থায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশন (ইসি) গঠন রাজনৈতিক দলগুলোর মত নেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
গত ২২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সংলাপে বিএনপিও অংশ নেয়। তবে নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা না বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছে তারা।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার পর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে আমরা সংলাপ করে ইতিমধ্যে জানিয়ে এসেছি যে, নির্বাচন কমিশন গঠন মূখ্য বিষয় নয়। আগে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, “সরকার চতুরতার সঙ্গে রাষ্ট্রপতি পদকে ব্যবহার করে নির্বাচন কমিশন গঠনের কাজ করছে। কারণ রাষ্ট্রপতির সংলাপ চলাকালেই সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন তৈরি হয়ে ছিলো। এ বিষয়ে সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশ পেয়েছে।”
“আমরা মনে করি, রাষ্ট্রপতি পদটি সম্মানজনক ও বির্তকের ঊর্ধ্বে একটি পদ। কিন্তু সরকার একে বির্তকিত করেছে। এটা দুভার্গ্যজনক”, যোগ করেন ফখরুল।
মির্জা ফখরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, হায়দার আলী, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় নেতা এ কে এম মোশাররফ হোসেন, এস এ খালেক, মেহেদী আহমেদ রুমি, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এ বি এম মোশাররফ হোসেন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান, উলামা দলের সভাপতি এম এ মালেক, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, মৎসজীবী দল সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাস সাধারণ সম্পাদক মুনীর খান, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু যৌথ সভায় অংশ নেন।
ফখরুল জানান, আগামী ১৯ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন এবং ২৯ জানুয়ারি সারাদেশে বিভাগ ও জেলায় গণমিছিল কর্মসূচি সফল করার বিষয়ে যৌথ সভায় আলোচনা হয়েছে।
জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপী এই কর্মসূচি শুরু হবে ১৮ জানুয়ারি থেকে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ২৯ জানুয়ারি ঢাকাসহ বিভাগ ও জেলায় গণমিছিল করবে বিএনপি।
গত ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এক জনসভা থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গণমিছিলের এই কর্মসূচি ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৪০ ঘ.
bdnews24