২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মার্চে নতুন ট্রাইব্যুনাল’

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে মার্চের মধ্যে নতুন একটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে মার্চের মধ্যে নতুন একটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রম দেখে রোববার তিনি এই আশার কথা জানান। বর্তমানে একটি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার চলছে, যা গঠিত হয় ২০১০ সালের মার্চ মাসে। একটি ট্রাইব্যুনালের অধীনে বিচারকাজে দেরি হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল। তার পরিপ্রেক্ষিতেই দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছে সরকার। বর্তমানে পুরান হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের কাজ চলছে। মন্ত্রী বিকালে ওই ভবনে যান। বর্তমান ট্রাইব্যুনালে বিচারকের সংখ্যা তিন জন। তবে নতুন ট্রাইব্যুনাল কত জন বিচারক নিয়ে গঠিত হবে এবং এর প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তার সংখ্যা কত হবে, তা এখনো সুনির্দিষ্ট হয়নি বলে সাংবাদিকদের জানান আইনমন্ত্রী। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়। এরপর ১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল (অ্যাক্ট) আইনও সংশোধন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৭৫৩ ঘ.