ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তিন বছর পার হওয়ার পর মন্ত্রী হওয়া ওবায়দুল কাদের উচ্চাভিলাষী কোনো পরিকল্পনা নেওয়ার পক্ষপাতি নন।
তাই সরকারের আগামী দুই বছরে ভাঙ্গা সড়ক মেরামতই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে বলেন, “আমি শেষ বেলার মন্ত্রী, এর পরই গোধূলি এবং কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে, তাই দূরের স্বপন দেখতে চাই না।”
ইআইবির ৫৩তম সম্মেলন উপলক্ষে রিজিওনাল কমিউনিকেশনস শীর্ষক বক্তৃতায় আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর বিষয়টি আসার পরিপ্রেক্ষিতে এই কথা বলেন তিনি।
শেখ হাসিনার মন্ত্রিসভার চতুর্থ দফা স¤প্রসারণে দেড় মাস আগে মন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।
ভাঙা রাস্তা মেরামতের কাজ অতিদ্রুত শেষ করতে প্রকৌশলীদের নির্দেশ দেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, “আমরা বড় বড় কর্তারা যে ঘুষ খাচ্ছি, তা এদেশের সাধারণ মানুষের টাকা। মন্ত্রীকে টাকা দিয়ে খুশি করবেন, আমি যতক্ষণ আছি তা মেনে নেব না।”
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের এই অনুষ্ঠানে প্রকৌশলীদের বদলির বিষয়ে তিনি একথা বলেন।
বদলি করা বা বদলি ঠেকাতে বড় অঙ্কের অর্থ বিনিময়ের কথা ওঠার পরিপ্রেক্ষিতে মন্ত্রী আরো বলেন, “পথ-ঘাট তৈরিতে কমিশন এবং চাঁদা দিতে হচ্ছে, যারা এ কমিশন-চাঁদা নিচ্ছে, তাদের মনে রাখা উচিৎ এগুলো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়ে শোনার সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এ আর এম আনোয়ার হোসেন। এতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর সুপারিশ করা হয়।
কাদের বলেন, কানেকটিভিটি পিছিয়ে গেলে দেশ পিছিয়ে যাবে। দেশের অর্থনীতির উন্নয়ন ও জনগণের স্বার্থে কানেকটিভিটি গড়ে তুলতে হবে।
পরবর্তী নির্বাচনে কীভাবে ভোট বেশি পাওয়া যায়, তা চিন্তা না করে পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে সবাইকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান নুরুল হুদাসহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
পদ্মা সেতুর কাজ শুরু করাই লক্ষ্য
বিশ্বব্যাংকের অর্থায় স্থগিতে আটকে যাওয়া পদ্মা সেতুর কাজ শুরু করাই মূল লক্ষ্য জানিয়ে মন্ত্রী বলেন, এ সরকারের আমলে পদ্মা সেতুর নির্মাণ কাজ যেভাবেই হোক শুরু করা হবে।
ভাগ্য ভালো হলে দ্বিতীয় পদ্মা সেতুর কাজও এ সরকারের আমলে শুরু হতে পারে, বলেন তিনি।
শতকরা ৮০ ভাগ যানবাহন আনফিট
রাজধানীতে চলাচলরত ৮০ ভাগ যানবাহন আনফিট উল্লেখ করে মন্ত্রী বলেন, “গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন স্থানে পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছি, মুড়ির টিনের মতো গাড়ি চলাচল করছে।”
রাজধানীর চালকদের মধ্যে ৮০ ভাগ চালক অবৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলাচল করছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০৩০ ঘ.
bdnews24