ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তার পক্ষে ট্রাইব্যুনালের নিয়োজিত আইনজীবী।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাকা চৌধুরীর আইনজীবী মো. বদিউজ্জামান বৃহস্পতিবার দুপুরে এই আবেদন জমা দেন।
এদিকে এইচ এম আহসানুল হক নামের আরেক আইনজীবী সাকা চৌধুরীর পক্ষে ট্রাইব্যুনালে মামলা লড়ার জন্য ওকালতনামা জমা দিয়েছেন। একই সঙ্গে তিনটি আবেদনও জমা দিয়েছেন তিনি।
রেজিস্ট্রার মো. শাহীনুর ইসলাম জানান, সাকা চৌধুরীর পক্ষে মামলা পরিচালনার জন্য ট্রাইব্যুনাল বদিউজ্জামানকে নিয়োগের যে আদেশ দিয়েছিল তা রিকল (পুনরায় শুনানি) করার আবেদন করেছেন আহসানুল হক। আরেক আবেদনে এ মামলার সব নথিপত্রও সরবরাহের অনুরোধ করেছেন তিনি।
এছাড়া তৃতীয় আবেদনে এই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মুলতবির আবেদন করেছেন আহসানুল, আগামী ১৫ জানুয়ারি যার দিন নির্ধারিত আছে।
গত ৪ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করা হয়।
বিভিন্ন বিষয়ে সাকা চৌধুরীর ৬টি আবেদন খারিজ করে গত ১৯ ডিসেম্বর ট্রাইব্যুনাল জানায়, তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে ১৫ জানুয়ারি।
এর আগে আইনজীবী নিয়োগ নিয়ে এই সাংসদের নানা নাটকের পর ট্রাইব্যুনালের পক্ষ থেকেই মো. বদিউজ্জামানকে তার পক্ষে মমলা লড়ার দায়িত্ব দেওয়া হয়। এর আগ পর্যন্ত নিজেই নিজের শুনানি করে আসছিলেন সালাউদ্দিন কাদের।
২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সাকা চৌধুরী ছাড়াও জামায়াতের সাবেক আমীর গোলাম আযম এবং এখনকার পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন।
এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৩০ ঘ.
bdnews24