২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বয়স নয়, অপরাধই বিবেচ্য’

বয়স নয়, অপরাধ বিবেচনায় ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের জামিন আবেদন খারিজ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স নয়, অপরাধ বিবেচনায় ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের জামিন আবেদন খারিজ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত। বুধবার সকালে গোলাম আযমকে কারাগারে পাঠানোর আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, “৪০ বছর আগে বাংলাদেশে পাকিস্তানী সেনাবাহিনী তাদের সহযোগী রাজাকার, আলবদর বাহিনীর সহায়তায় যে গণহত্যাসহ অন্যান্য মানবতা বিরোধী কাজ করেছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন গোলাম আজম।” “জামিন বিবেচনায় বয়স খুব গুরুত্বপূর্ণ নয়। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ৯০ বছর বয়সে আদালতে হাজিরা দিয়েছেন”, যোগ করেন তিনি। সকাল ১০টার পর কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন ৮৯ বছর বয়সী গোলাম আযম। তার জামিনের আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল কারাগারে পাঠাতে বলেন। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরেক আসামি আব্দুল আলীমের জামিন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রানা দাশগুপ্ত বলেন, “আলীম এবং এ মামলা এক করে দেখলে চলবে না। কারণ আলিম এসেছিলেন হুইল চেয়ারে। তার স্বাভাবিক চলাফেরার অবস্থা নেই। গোলাম আযম এখন আলীমের মতো অসুস্থ অবস্থায় নেই।” “এ ছাড়া আলীমকে গ্রেপ্তারের সময় মামলার তদন্ত কাজও শুরু হয়নি”, যোগ করেন তিনি। বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও শারীরিক অবস্থা এবং বয়স বিবেচনায় তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। বুধবার সকাল থেকে ট্রাইব্যুনালের সামনে অবস্থান নেওয়া ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবির গোলাম আযমের বিষয়ে আদেশের পর সাংবাদিকদের বলেন, “গোলাম আযমকে জামিন দেওয়া হলে তিনি এ মামলার প্রমাণাদি নষ্ট, সাক্ষীদের ভয় ভীতি প্রদর্শনসহ নানা উপায়ে বিচার কার্যকে বিলম্বিত করতে পারেন।” গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ৫২ দফা অভিযোগ উত্থাপন করে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের নির্দেশে তা পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি। গোলাম আযম, আব্দুল আলীম ছাড়াও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চলছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/জেকে/১৫০৮ ঘ.