২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে আ’লীগ নেতা অপহৃত

রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অনিল চন্দ্র তংচঙ্গাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

রাঙামাটি/খাগড়াছড়ি, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অনিল চন্দ্র তংচঙ্গাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে কাপ্তাই থেকে রাঙামাটি শহরে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয় বলে দাবি করেছে আওয়ামী লীগ। উপজেলা ও পুলিশ প্রশাসন অপহরণের কথা স্বীকার করেছে। এদিকে বেলা সোয়া ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাংচুর করা হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। অনিল চন্দ্র তংচঙ্গা (৫৮) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কৃষক লীগের সভাপতি। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্যাছড়া এলাকার বাসিন্দা। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দীন সাংবাদিকদের বলেন, “অনিল ওয়াগ্যাছড়ার নিজ বাড়ি থেকে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে শহরে আসছিলেন। পথে ওয়াগ্যাছড়া ইউনিয়নের দেবতাছড়ি সেতু এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।” তবে কারা তাকে অপহরণ করেছে তা জানাতে পারেননি। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মাসুদ উল হাসান বলেন, অনিলকে অপহরণের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ তা নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিস্থিতি শান্ত। অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান অপহরণের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অনিল অপহৃত হওয়ার খবর শহরে আসার পরপরই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আওয়ামী লীগ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ করে। সমাবেশে অনিলের মুক্তি দাবি করা হয়। এদিকে বেলা সোয়া ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাংচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সময় জেএসএস চেয়ারম্যান সন্তু লারমা কার্যালয়ে উপস্থিত ছিলেন বলে জানান তার একান্ত সচিব বরুণ চাকমা। পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলার প্রতিবাদে রাঙামাটি শহরে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পিসিজেএসএস ও পাহাড়ি ছাত্র পরিষদ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পিসিজেএসএস এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সহ-সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলার জন্য দায়ী করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেএসএস সহ-সভাপতি উষাতন তালুকদার আঞ্চলিক পরিষদ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার নিন্দা জানান। এদিকে, দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলার নিন্দা জানায়। আওয়ামী লীগ নেতারা বলেন, পাহাড়ে শান্তি বিনষ্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ব্যাঘাত ঘটাতেই অনিলকে অপহরণ করা হয়। এছাড়া জেএসএস কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের কেউ জড়িত নয় বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, চিংকিউ রোয়াজা, মো. রুহুল আমীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. কামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনিল অপহৃত হওয়ার ঘটনায় দুপুরে কাপ্তাই-চট্টগ্রাম সড়কেও আওয়ামী লীগ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার রায় জানান, অনিলকে উদ্ধারে যৌথবাহিনী চিরুনী অভিযান চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর রডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৪ ঘ.