ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার নির্ধারিত দিনের ২৪ ঘণ্টা আগেই জামিনের আবেদন করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম।
তার আইনজীবী এম তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সকালে একটি জামিনের আবেদন করেছি। কাল (বুধবার) হাজিরার তারিখ আছে। আশা করছি, কাল এটা শুনানির জন্য উঠবে।”
জামিন আবেদনে কারণ হিসেবে গোলাম আযমের বার্ধক্য ও স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে তাকে বুধবার হাজির হওয়ার নির্দেশ দেয়। আদেশে বলা হয়, বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে হাজির হতে ব্যর্থ হলে তার কিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ৫২ দফা অভিযোগ উত্থাপন করে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের নির্দেশে তা পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।
তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি।
নিজামী ছাড়াও জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চলছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৩০ ঘ.
bdnews24